রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ হতে বাধ্য: মওদুদ
নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির ডাকা সংলাপ ব্যর্থ হতে বাধ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তাঁর মতে, রাষ্ট্রপরিচালনায় সব ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আড়াল করতে রাষ্ট্রপতিকে দিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ‘নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির উদ্যোগ: রাজনৈতিক বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে জিয়া পরিষদ।অনুষ্ঠানে মওদুদ বলেন, ‘রাষ্ট্রপতিকে ব্যক্তিগতভাবে সম্মান করি। উনাকে কেন এই বিপদে ফেলা হয়েছে বুঝতে পারছি না।’ নির্বাচন কমিশন গঠন কোনো ইস্যু নয় মন্তব্য করে তিনি বলেন, ‘এটি তখনই ইস্যু হবে, যখন আমরা জানব, কী ধরনের সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশন গঠন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।’ তিনি রাষ্ট্রপতির ক্ষমতার সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কারা নির্বাচন কমিশনার হবেন। রাষ্ট্রপতি তা অনুমোদন করবেন। রাষ্ট্রপতি যতই উদ্যোগ, আলোচনা করুন, কোনো লাভ নেই।সংসদ অকার্যকর করার জন্য মওদুদ সরকারকে দায়ী করে বলেন, বিএনপির একটা নোটিশও গ্রহণ করা হয়নি। সংসদে দ্রব্যমূল্য বৃদ্ধি, পানির হিস্যা, শেয়ারবাজার, তিস্তা চুক্তি, ভারত-নির্ভরতা, কূটনৈতিক ব্যর্থতা নিয়ে আলোচনা করা না গেলে সংসদে যাওয়া না-যাওয়া সমান বলেও তিনি মন্তব্য করেন।