রাষ্ট্রপতির সংলাপে নেতৃত্ব দিতে পারেন খালেদা
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পারেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার রাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।বৈঠক সূত্র জানিয়েছে, এ ছাড়া সরকারবিরোধী নতুন কর্মসূচি ঠিক করে আজ রোববার চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুরু করতে যাচ্ছেন খালেদা জিয়া। বৈঠক সূত্র জানায়, নতুন কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশে গণমিছিল ও ঢাকায় একটি মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। তবে রোডমার্চ করে চট্টগ্রাম যাওয়ার পর কাল সোমবার নগরের পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে খালেদা জিয়া সরকারবিরোধী এই নতুন আন্দোলন-কর্মসূচির ঘোষণা দেবেন। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।