রাষ্ট্রপতির সঙ্গে জাকের পার্টি ও তরিকত ফেডারেশনের বৈঠক
নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে আজ রোববার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বৈঠক করেছে জাকের পার্টি ও তরিকত ফেডারেশন। অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের সুপারিশ জানায় জাকের পার্টির সাত সদস্যের প্রতিনিধিদল। অন্যদিকে তরিকত ফেডারেশনের ১১ সদস্যের প্রতিনিধিদল তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সুপারিশ করে।বৈঠক শেষে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী সাংবাদিকদের বলেন, দলটি নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটির সুপারিশ করেছে। কাদের নিয়ে এবং কীভাবে এই কমিটি হবে, তা নির্ধারণের জন্য সব দলকে নিয়ে গোলটেবিল বৈঠক করার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার কোনো স্থায়ী পদ্ধতি নয় বলে মন্তব্য করে দলটি জানায়, সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশনের কোনো বিকল্প নেই।তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচজন, বিএনপির তিনজন, জাতীয় পার্টির দুজন এবং সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর একজন করে সদস্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠনে প্রধান বিচারপতির নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে।