রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে কমিশন নির্বাচন পরিচালনা করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের বিধান রেখে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল-২০১১-এর প্রতিবেদন চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ওই সময় সংসদ থাকলেও অধিবেশন বসবে না।অন্তর্বর্তীকালীন এ সময়ে মন্ত্রিসভা শুধু রুটিন (নিয়মিত) কাজ করবে। রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে নির্বাচন পরিচালনার মূল কাজটি করবে নির্বাচন কমিশন। অন্তর্বর্তীকালীন সময়ের এ তিন মাস প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের সব অনুষঙ্গ নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে।আর এ জন্য কমিটি সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল-২০১১ কয়েকটি সংশোধনী দিয়ে প্রতিবেদন তৈরি করেছে। বিল সম্পর্কে প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর এটি মুদ্রণের জন্য আজ মঙ্গলবার বিজি প্রেসে পাঠানো হয়েছে। টানা দুই দিনের বৈঠক শেষে কমিটি সংবিধান সংশোধন বিল-সম্পর্কিত প্রতিবেদন চূড়ান্ত করে।কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে আজকের সভায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার ছহুল হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের সংখ্যা একজন নারীসহ তিন, কমিশনার নিয়োগ এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ফলাফলের গেজেট ঘোষণার আগ পর্যন্ত মামলা করার সুযোগ না রাখার প্রস্তাব করা হয়। তবে কমিটি তাদের একাধিক প্রস্তাবের সঙ্গে একমত হয় বলে জানা গেছে। সভায় রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনার বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত বিলের প্রতিবেদন অনুসারে সরকারের মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।সুরঞ্জিত বলেন, ‘অন্তর্বর্তীকালীন এ সরকারব্যবস্থা বাহাত্তরের সংবিধানেই আমাদের ফাউন্ডার ফাদাররা রেখে গেছেন। এটি ভ্যালিড, এটি আছেই। সংবিধানের ১১৮ থেকে ১২৬ পর্যন্ত সকলটি অন্তর্বর্তীকালীন সরকারের। অর্থাৎ নির্বাচনটি করার অধিকার নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। সেই ইসিকে সকলকেই সহায়তা করতে হবে। ইসি যা চাইবে, রাষ্ট্রপতি সে সাহায্য করবেন।’জানা গেছে, বিলের ওপর কমিটির প্রতিবেদনে ৭২ অনুচ্ছেদের উপদফায় একটি সংশোধনী দেওয়া হচ্ছে। ৬০ দিনের বাধ্যবাধকতা সব সময় প্রযোজ্য হবে, শুধু অন্তর্বর্তীকালীন সময়ের ওই ৯০ দিনের বেলায় প্রযোজ্য হবে না। ১২৫ অনুচ্ছেদে নতুন একটি দফা যুক্ত করা হবে। তফসিল ঘোষণা থেকে নির্বাচনী ফলের গেজেট প্রকাশ পর্যন্ত নির্বাচন কমিশনে শুনানি না করে কোনো মামলা যেন আমলে আনা না হয়।গত শনিবার সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন-২০১১ বিল সংসদে উত্থাপিত হয়। স্পিকার আবদুল হামিদ বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে সংসদে উত্থাপনের জন্য স্থায়ী কমিটিতে পাঠান। ৮ জুন কমিটির প্রতিবেদন আকারে সুপারিশগুলো সংসদে উপস্থাপন করেন। ২০ জুন তা বিল আকারে উপস্থাপনের জন্য অনুমোদন দেয় মন্ত্রিসভা। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে ২৫ জুন সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বিল সংসদে উত্থাপন করা হয়।সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে আজকের সভায় সংবিধান সংশোধন বিল সম্পর্কে দফাওয়ারি আলোচনা করে বিলটি চূড়ান্ত করা হয়। আইনমন্ত্রী শফিক আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ ফজলে রাব্বী মিয়া, রহমত আলী, আবদুল মতিন খসরু, খান টিপু সুলতান, জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস সভায় অংশ নেন।