রাষ্ট্রপতির সম্মতিতেই দুই বিচারককে শপথ পড়াননি প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আপিল বিভাগের মতানৈক্য হয়েছে। বিচারক বাছাই-প্রক্রিয়ায় জ্যেষ্ঠতম বিচারকদের তেমন কার্যকর অংশগ্রহণ ছিল বলে জানা যায় না। এ প্রেক্ষাপটে ১৭ জনের দুজনকে ‘অনিবার্য কারণবশত’ শপথ না দেওয়ার আকস্মিক সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সম্মতি নিয়ে ওই দুজনকে শপথ না করানোর বিষয়ে সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।এই সিদ্ধান্ত গ্রহণের শুদ্ধতা ও সুদূরপ্রসারী তাৎপর্য নিয়ে নীতিগত প্রশ্ন তোলেন জ্যেষ্ঠতম বিচারকেরা। সে কারণেই আপিল বিভাগের অন্য বিচারকেরা শপথ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেন।বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা প্রথম। রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার পর এভাবে শপথ না করানোর রেওয়াজ নেই। রাষ্ট্রপতি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭ বিচারক নিয়োগ দিয়েছেন। এখন দুজনকে শপথ না পড়ানোর সিদ্ধান্ত হলে তা রাষ্ট্রপতিরই জানানো উচিত।তবে দুজনকে শপথ না পড়ানোর প্রধান বিচারপতির সিদ্ধান্তের পক্ষে একটা নজির দেখানো হয়েছে। বলা হচ্ছে, ২০০২ সালে নিয়োগ দেওয়া ১১ অতিরিক্ত বিচারকের অন্যতম ছিলেন আবদুস সালাম। দুই বছর পর ১০ জনকে সংবিধানের ৯৫ অনুচ্ছেদের আওতায় স্থায়ী বিচারক করা হয়। কিন্তু আবদুস সালামকে মাত্র ছয় মাসের মেয়াদে ৯৮ অনুচ্ছেদের অধীনে পুনরায় অতিরিক্ত বিচারক নিয়োগ করা হয়। একই চিঠিতে একই দিনে ১১ জনের শপথ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। জনাব সালাম এই সিদ্ধান্তে ব্যথিত হন। শপথ অনুষ্ঠানের আগে রেজিস্ট্রারকে ফোন করে তিনি বলেন, তিনি ৯৮ অনুচ্ছেদের আওতায় ছয় মাসের মেয়াদে শপথ নিতে চান না। ৯৫ অনুচ্ছেদের আওতায় শপথ নেওয়ার ব্যবস্থা করলে তিনি শপথ নেবেন। এ বিষয়ে জানতে চাইলে জনাব সালাম প্রথম আলোকে বলেন, অন্য ১০ জনের সঙ্গে তিনি শপথ নেননি। তবে পরে দিন দশেকের মধ্যে তিনি এককভাবে শপথ নিয়েছিলেন। ২০০৪ সালে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল, তাঁকে স্থায়ী বিচারক করা হবে। কিন্তু ছয় মাস পর তাঁকে স্থায়ী করা হয়নি। এ বিষয়ে দায়ের করা রিট এখনো বিচারাধীন।১৭ এপ্রিল রাতে রেজিস্ট্রার দপ্তর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকদের আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেয়। রাত ১০টা থেকে রোববার ভোর সাড়ে পাঁচটায়ও অনেকের বাসায় চিঠি গেছে। প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম আতিয়ার রহমান রোববার প্রথম আলোকে নিশ্চিত করেন, আপিল বিভাগের সবাই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন।জানা যায়, দুজনকে শপথ না পড়ানোর বিষয়ে জ্যেষ্ঠতম বিচারকদের সঙ্গে আগাম আলোচনা করেননি প্রধান বিচারপতি। উপরন্তু যে উপায়ে রুহুল কুদ্দুস ও মো. খসরুজ্জামানকে শপথ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সে প্রক্রিয়া শুদ্ধ ছিল না বলে মনে করেন জ্যেষ্ঠ বিচারকেরা। তাঁদের শঙ্কা, প্রধান বিচারপতি এভাবে নিয়োগ দেওয়ার পর শপথ না পড়ালে ভবিষ্যতে এটা মন্দ রেওয়াজ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। তবে অনেক আইনবিদ মনে করেন, প্রধান বিচারপতি যদি বিচারক বাছাইয়ে আলাপ-আলোচনা নাও করেন, তাহলেও তিনি বৃহত্তর স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। কারণ শপথ দেওয়ার বিষয়ে সম্পূর্ণ এখতিয়ার প্রধান বিচারপতির। আইনের কোথাও নিয়োগ দেওয়ার কত দিনের মধ্যে শপথ দিতে হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।অনেক আইনবিদ অবশ্য বলেন, মাত্র দুজন বিচারককে শপথ না পড়িয়ে পুরো প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা সৃষ্টির চেষ্টা গ্রহণযোগ্য নয়। কারণ বিচারক বাছাই-প্রক্রিয়ায় আপিল বিভাগের নিজস্ব নীতিমালা অনুসরণ করা হয়নি।বিচারপতি মোহাম্মদ আবদুর রশীদের নেতৃত্বাধীন হাইকোর্ট বিভাগের বৃহত্তর বেঞ্চের ২০০৮ সালের রায় অনুযায়ী, আবু জাফর সিদ্দিকী হাইকোর্টের নিরবচ্ছিন্ন ওকালতিতে আট বছর পুরো করেননি। অথচ সংবিধানে এ পদে নিয়োগ পেতে ন্যূনতম ১০ বছরের মেয়াদের কথা বলা আছে।উল্লেখ্য, ২০০৬ সালে সুপ্রিম কোর্টে ভাঙচুরের ঘটনায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকদের এক নজিরবিহীন সভায় ‘সর্বসম্মতিক্রমে’ হামলায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই হামলার প্রতিবাদে উভয় বিভাগের বিচারকেরা আদালতও বর্জন করেছিলেন। মো. খসরুজ্জামানের অ্যাটর্নি জেনারেলের দপ্তরের একটি কক্ষে লাথি মারার ছবি পত্রপত্রিকায় ছাপা হয়েছে। তাঁর নাম সংশ্লিষ্ট মামলার এজাহারেও ছিল। অনেক আইনবিদ মনে করেন, এখানে নৈতিকতার প্রশ্ন বড়।রুহুল কুদ্দুসের বিরুদ্ধে দায়ের করা খুনের মামলাটির অভিযোগ গঠন বিষয়ে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ বর্তমান সরকারের আমলেও (২ জুলাই, ২০০৯) একটি আদেশ দেন। বিচারপতি খন্দকার মূসা খালেদ ও বিচারপতি মো. এমদাদুল হক রায় দেন যে রেকর্ড পর্যালোচনায় মামলার অভিযোগ গঠনে যথেষ্ট উপাদান বিদ্যমান। এই মামলায় ১৪ আসামির মধ্যে রুহুল কুদ্দুসসহ নয়জনের নাম প্রত্যাহার করে নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৮ এপ্রিল রাজশাহীর আদালত বিষয়টি অনুমোদন করেন। উল্লেখ্য, ১৭ এপ্রিল প্রথম আলোর প্রথম পাতায় ‘বিচারক বাছাইয়ে নীতিমালা অনুসরণ করা হয়নি’ শীর্ষক সংবাদ বিশ্লেষণে বিচারক বাছাই-প্রক্রিয়ায় সম্ভাব্য বিচারকদের প্রথম তালিকা প্রধান বিচারপতির দপ্তরে তৈরি ও ছয়জনের (উভয় বিভাগের চারজন জ্যেষ্ঠতম বিচারক, সুপ্রিম কোর্ট বার সভাপতি ও অ্যাটর্নি জেনারেল) মতমত গ্রহণে হাইকোর্টের নীতিমালা আপিল বিভাগ বহাল রাখেন বলে উল্লেখ করা হয়। কিন্তু তা সঠিক নয়। তবে বিচারক বাছাইয়ে পরোক্ষভাবে এবং আরও বৃহত্তর পরিসরে সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিত মতামত গ্রহণ ও তা সংরক্ষণে বাধ্যবাধকতা আরোপ করেন আপিল বিভাগ।