রাষ্ট্রপতির সার্চ কমিটির প্রস্তাব মেনে নেবে না বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠনের প্রস্তাব বিএনপি মেনে নেবে না। এর কারণ হিসেবে তিনি বলেন, সরকার অত্যন্ত চাতুর্যের সঙ্গে রাষ্ট্রপতির পদ ব্যবহার করে নির্বাচন কমিশন গঠনের কাজ করছে।আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির পদ সম্মানজনক। দেশের সব মানুষ রাষ্ট্রপতিকে সম্মান করে। এ পদটি বিতর্কিত না করতে দলের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু সরকার এ পদটি বিতর্কিত করেছে।বিএনপির নেতা ফখরুল আরও বলেন, নির্বাচন কমিশনের ব্যাপারে রাষ্ট্রপতি কী সুপারিশ করবেন, তা আগেই পত্রিকায় প্রকাশিত হয়েছে। যেটা নির্ধারিত হয়েই আছে সেটা মেনে নেওয়ার কোনো মানে নেই। তিনি বলেন, বিএনপির প্রথম দাবিই হচ্ছে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। এ ব্যাপারে সিদ্ধান্ত না হলে বিএনপি কোনো কিছুই মেনে নেবে না বলে তিনি জানান।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে গত রোববার মন্ত্রিপরিষদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। ওই প্রস্তাবে নতুন নির্বাচন কমিশন গঠনে একটি সার্চ কমিটি করার কথা বলা হয়েছে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ আগামী মাসের মাঝামাঝি শেষ হচ্ছে। এ অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর মত নিয়েছেন। গত ২২ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত সংলাপে বিএনপিও অংশ নেয়। তবে সংলাপে তারা তত্ত্বাবধায়ক সরকার গড়ে তোলার জন্য রাষ্ট্রপতিকে প্রস্তাব দেয়।