প্রধানমন্ত্রীকে অভিনন্দন মন্ত্রিসভার
রাষ্ট্রপতিসহ মন্ত্রীদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ পিছিয়েছে
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন ও অন্যান্য সুবিধা বাড়ানোর প্রস্তাব পাস হয়নি। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বেতন-ভাতা বাড়ানোর আইন সংশোধনের প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়।বৈঠক সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার, সরকারি কর্মকমিশন সচিবালয়ের চেয়ারম্যান এবং মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষকের বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাবের সঙ্গে পরবর্তী সময়ে এ প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য আনা হবে।গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় করার সিদ্ধান্ত হয়।এ ছাড়া পাবলিক সার্ভেন্টস (রিটায়ারমেন্ট) আইন সংশোধন, ২০১০ ও ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স টেলিকমিউনিকেশন সার্ভিসেস পলিসি, ২০০৯; বাংলাদেশ পর্যটন বোর্ড আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। খসড়া আইনে ১০ সদস্যের পর্যটন বোর্ড গঠনের কথা বলা হয়েছে। বোর্ডের প্রধান হবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব।বৈঠকে ন্যাশনাল সার্ভিসে মাধ্যমিক ও এর চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতার যুবক ও নারীদের অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচিতে গোপালগঞ্জকে অন্তর্ভুক্ত করা হয়।প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে বৈঠকে আলোচিত বিষয় অবহিত করেন। তিনি জানান, বৈঠকে হাইতির ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে সেখানে ওষুধ পাঠানোর নির্দেশ দেন।প্রধানমন্ত্রীকে অভিনন্দন: শেখ হাসিনার ভারত সফরকে সফল উল্লেখ করে মন্ত্রিসভা তাঁকে অভিনন্দন জানিয়েছে। মন্ত্রিসভা মনে করে, সম্পাদিত চুক্তি ও দুই দেশের মধ্যে তৈরি হওয়া পারস্পরিক আস্থার সম্পর্কের ফলে বাংলাদেশের জনগণ সব দিক দিয়ে লাভবান হবে।এ ছাড়া ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ভারত সফরে সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন এবং তা গৃহীত হয়।মন্ত্রিসভার বৈঠকে হাইতির ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় একটি শোক প্রস্তাবও আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইতির ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।ভিওআইপি: বৈঠকসূত্র জানায়, অবৈধ ভিওআইপি পুরোপুরি বন্ধ না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ওপর অসন্তোষ প্রকাশ করেন। তিনি আবারও অবৈধ ভিওআইপি বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার সদস্য ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।হাইতিতে বস্ত্র ও ওষুধ পাঠানো হচ্ছে: ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে ওষুধ, বস্ত্র ও ত্রাণসামগ্রী পাঠাবে বাংলাদেশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি দল শিগগিরই হাইতি রওনা হবে।