রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকের পিএইচডি গবেষণা তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নূর উদ্দিনের পিএইচডি অভিসন্ধর্ভ (থিসিস) তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমাদকে প্রধান করে চার সদস্যের এই কমিটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আজ রোববার প্রথম আলো ডটকমকে জানান, শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি তাঁর থিসিসটি খতিয়ে দেখবে। তিন বছরেরও কম সময়ে এই পিএইচডি গবেষণা শেষ করেছেন নূর উদ্দিন। জমা দেওয়া থিসিসে তিনি ১২ লাখ ৭৫ হাজার ৪৭ জনের সাক্ষাৎকার নিয়েছেন বলে দাবি করেছেন, যা রীতিমতো বিস্ময়কর। এই হিসাবে প্রতিদিন তাঁকে এক হাজার ১৬৪ জন মানুষের সাক্ষাৎকার নিতে হয়েছে। সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাঁচজন শিক্ষক এই থিসিসটি বানোয়াট ও উদ্ভট উল্লেখ করে তা পুনর্মূল্যায়নের জন্য উপাচার্যের কাছে লিখিত আবেদন জানান। উপাচার্যকে দেওয়া অভিযোগপত্রে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওই শিক্ষকেরা বলেন, সারা জীবন ধরে গবেষণা করলেও এত বিশাল সংখ্যক ই-মেইলভিত্তিক তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। তাঁরা দাবি করেছেন, নূর উদ্দিন তাঁর থিসিসে যে ২১ জন গবেষণা সহকারীর নাম উল্লেখ করেছেন তাঁদের অনেকেই বিখ্যাত অধ্যাপক। তাঁদের যে ঠিকানা উল্লেখ করা হয়েছে, আসল ঠিকানার সঙ্গে তার কোনো মিল নেই। ২০০৮ সালের জুন মাসে নূর উদ্দিন ‘দি প্র্যাকটিসেস অব মার্কসইজম অ্যান্ড দেয়ার ইমপেক্ট অন মডার্ন ওয়ার্ল্ড: দ্য কেইস অব অবজেকটিভাইজেশন’ শীর্ষক পিএইচডি গবেষণা শুরু করেন। ২০১১ সালের মে মাসে তিনি থিসিস জমা দেন। ওই বছরের ১০ আগস্ট বিশ্ববিদ্যালয় তাঁকে পিএইচডি ডিগ্রি দেয়।