রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের কারণে বিএনপি নেতাদের গ্রেপ্তার: কামরুল
বিরোধী দল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে বলেই আইনি প্রক্রিয়ায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘আবারও একটি এক-এগারোর পাঁয়তারা চলছে। কাজেই এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ফরজ হয়ে দাঁড়িয়েছিল। তাই বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।’আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হরতালবিরোধী মানবন্ধন, সমাবেশ ও আলোচনা সভায় এসব কথা বলেন কামরুল ইসলাম। খবর বাসসের আইন প্রতিমন্ত্রী বলেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা রাজনৈতিক নেতা নন। রাজনৈতিক চরিত্র তাঁরা হারিয়েছেন। তাঁদের বিচার এখন জনগণের দাবি।সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।