রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিচালক নিয়োগ আগামী সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের নতুন সদস্য নিয়োগ হবে আগামী সপ্তাহে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই এ নিয়োগ দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। ভিয়েতনাম ও লাওস সফর শেষ করে কাল বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হল-মার্ক গ্রুপসহ কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠী সাড়ে তিন হাজার কোটি টাকা তুলে নিয়ে গেলে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এর পেছনে ব্যাংকটির পরিচালনা পর্ষদেরও দায় রয়েছে বলে অর্থমন্ত্রীকে গত ২৬ আগস্ট চিঠি দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। চিঠিতে সোনালী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানানো হয়। অর্থমন্ত্রী যদিও চিঠি পাওয়ার পর এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। গত ৮ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বেশির ভাগ সদস্যের মেয়াদ শেষ হয়েছে। সেপ্টেম্বর ও অক্টোবরে শেষ হয়েছে জনতা ও অগ্রণী ব্যাংকের পরিচালকদের মেয়াদ। রূপালী ব্যাংকের পাঁচ পরিচালকের মেয়াদ শেষ হবে আগামী মাসে। বাকিদের মেয়াদ শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। তিনটি ব্যাংকের পরিচালকদের মেয়াদ শেষ হওয়ার পর এক থেকে দুই মাস হতে চললেও নতুন পরিচালক নিয়োগ দেয়নি অর্থ মন্ত্রণালয়। যদিও এরই মধ্যে গত ৫ সেপ্টেম্বর বিশেষায়িত ব্যাংকসহ ব্যাংকগুলোর জন্য সাতজন চেয়ারম্যানের মেয়াদ বাড়িয়েছে সরকার। সোনালী ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামের মেয়াদ বাড়ানো হয়েছে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত। আর বাকি ছয় ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ বাড়ানো হয়েছে দুই বছরের জন্য। এ ছাড়া অগ্রণী ব্যাংকে খন্দকার বজলুল হক, জনতা ব্যাংকে আবুল বারকাত, রূপালী ব্যাংকে আহম্মদ আল কবির, বেসিক ব্যাংকে শেখ আবদুল হাই, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নৌবাহিনীর সাবেক প্রধান এ তাহের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এ ব্যাংকেরই পরিচালক শান্তি নারায়ণ ঘোষ। তাঁরা সবাই ২০০৯ সালে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।