রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরিসহ বিভিন্ন দাবিতে রাষ্ট্রায়ত্ত খাতের শিল্পপ্রতিষ্ঠানে ৪৮ ঘণ্টার শ্রমিক-ধর্মঘট শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ধর্মঘটের প্রথম দিন শান্তিপূর্ণভাবেই পালিত হয়।আজও দেশের ২২টি পাটকল, ১৭টি চিনিকল, ছয়টি সার কারখানাসহ ৯৭টি রাষ্ট্রায়ত্ত কারখানার এক লাখ ২০ হাজার শ্রমিক ধর্মঘট পালন করবেন। গতকাল এসব কারখানায় উৎপাদন ও সরবরাহ বন্ধ ছিল।পাটকল শ্রমিক লীগ, পাটকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ এবং পাট ছাড়া অন্যান্য শিল্পকারখানার শ্রমিকদের সংগঠন সেক্টর করপোরেশন সমন্বয় পরিষদ যৌথভাবে এ ধর্মঘট কর্মসূচি পালন করছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি এ সংগঠনগুলো ধর্মঘট পালন করেছিল।শ্রমিক সংগঠনগুলো ২০০৯ সালের জুলাই থেকে মজুরি কমিশনের সুপারিশ অনুযায়ী, শ্রমিকদের মজুরিসহ অন্যান্য সুবিধার দাবিতে আন্দোলন করছে। সংগঠনগুলো দাবি করেছে, শ্রমিকেরা গতকাল সকালে কারখানায় এসে হাজিরা খাতায় সই করে কর্মবিরতিতে চলে যান।সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের আহ্বায়ক খান সিরাজুল ইসলাম বলেন, ৪৮ ঘণ্টার কর্মসূচি শেষ হওয়ার পর আপাতত কোনো কর্মসূচি থাকছে না। সরকার দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।