রাষ্ট্রীয় ক্ষমতা যাঁদের হাতে, তাঁরাই দুর্নীতি করেন: আইনমন্ত্রী
যাঁরা রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করেন, তাঁরাই দুর্নীতি করেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, যাঁদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, তাঁরাই ক্ষমতার অপব্যবহার করেন। কোনো ফাইল এলে তাঁদের বিভিন্নভাবে সন্তুষ্ট না করা পর্যন্ত, সে ফাইল নড়ে না। এ ধরনের দুর্নীতির কারণেই দেশের অগ্রগতি হচ্ছে না বলে আইনমন্ত্রী মন্তব্য করেছেন।আজ মঙ্গলবার সচিবালয়ে জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ বিষয়ের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী শফিক আহমেদ এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, দেশের ৯৫ শতাংশ মানুষ কৃষিজীবী এবং সাধারণ শ্রমিক। তারা কেউ দুর্নীতি করে না।শফিক আহমেদ বলেন, দুর্নীতি দমনের জন্য আইন আছে, কিন্তু একটি প্রতিষ্ঠান বা বিভাগের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা যদি ঠিক থাকেন, তাহলে আইনের প্রয়োজন নেই। এমনিতেই দুর্নীতি কমে যাবে। তিনি সিডির মোড়ক উন্মোচন করে বলেন, নিজের বিবেক হচ্ছে বড়। এসব সিডি বা বই প্রকাশ করে দুর্নীতি কমানো যাবে না। যাঁরা ঘুষ খায়, তাঁদের টেবিলে এই বই বা সিডি যাবে না।অনুষ্ঠানে আইনমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন বিচার ও সংসদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শহীদুল হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রিজওয়ান খায়ের প্রমুখ।