রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত ও বসা নিয়ে বিতর্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের রায়ের কারণে আলোচিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বা পদমর্যাদাক্রমের ব্যবহারিক গুরুত্ব রাষ্ট্রীয় আচারের মধ্যে সীমাবদ্ধ। মূলত রাষ্ট্রীয় অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পাবেন এবং তাঁদের আসনবিন্যাস কী হবে, তারই নির্দেশিকা এটি। এ পদক্রম নির্ধারণ করা হয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ ও কর্মক্ষেত্র বিবেচনায় রেখে।প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি মর্যাদা নির্ধারণের কোনো মাপকাঠি নয়। শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর শৃঙ্খলা রক্ষার জন্য এটি করা হয়েছে। এর আইনগত বা সাংবিধানিক কোনো ভিত্তিও নেই। খোঁজ নিয়ে জানা গেছে, ভারতে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে এর প্রয়োজনীয়তার একটি ব্যাখ্যা আছে। তাতে বলা আছে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি কারা হবেন এবং তাঁদের আসনবিন্যাস ঠিক করতে এটা করা হয়েছে। তবে বাংলাদেশের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে এ বিষয়ে কিছু উল্লেখ নেই। তবে প্রথাগতভাবে রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে পদক্রম ব্যবহার করা হয়। জানা গেছে, ১৯৭৫ সালে প্রথম আব্দুর রব কমিটি এ প্রিসিডেন্স প্রণয়ন করে। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র আকারে তা জারি করে অনুসরণ করা হচ্ছে। পরবর্তীকালে ১৯৮৬ সাল ও ২০০০ সালে সর্বশেষ এটি সংশোধনও করা হয়। ভারতের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে ১৬ নম্বর ক্রমিকের ৭ উপক্রমিকে ডেপুটি কমিশনার ও জেলা জজদের একই কাতারে রাখা হয়েছে। বাংলাদেশেও ২৪ নম্বর ক্রমিকে ডেপুটি কমিশনার (জেলা প্রশাসক) এবং জেলা ও দায়রা জজকে একই কাতারে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ম্যাজিস্ট্রেট ও মুখ্য মহানগর হাকিমদের পরের ক্রমিকে থাকবেন তিন বাহিনীর প্রধানেরা। এর পরের ক্রমিকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রচলিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সাবেক একজন সচিব নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে পদক্রম নির্ধারিত হলেও পদধারীর অধিক্ষেত্র অর্থাত্ তাঁর কর্মক্ষেত্র বা কর্ম-এলাকা বিবেচনায় রাখা হয়। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ম্যাজিস্ট্রেট ও মুখ্য মহানগর হাকিম তাঁদের অধিক্ষেত্র বা কর্ম-এলাকা জেলা বা মহানগর পর্যায়ে। এখন তাঁদের সবাইকে যদি নির্দেশনা অনুযায়ী পদক্রম দিতে হয় তাহলে শৃঙ্খলা রক্ষার জন্য করা ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ভেঙে পড়বে। তা ছাড়া একটি এলাকায় একাধিক হাকিম কাজ করেন, সবাইকে এক কাতারে পদক্রম নির্ধারণ বাস্তবে সম্ভব হবে না। সর্বশেষ সংশোধিত ২০০০ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে ২৪ নম্বর ক্রমিকে ডেপুটি কমিশনার তথা জেলা প্রশাসক এবং জেলা জজদের রাখা হয়। তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদ-সচিব রয়েছেন ১২ নম্বর ক্রমিকে। সচিবেরা আছেন ১৬ নম্বর ক্রমিকে। আর সাংসদেরা আছেন ১৩ নম্বর ক্রমিকে। সাবেক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করা হয়েছিল রাষ্ট্রীয় অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হবে এবং তাঁদের আসনবিন্যাস কীভাবে করা হবে, সেটি নির্ধারণের জন্য। এটি দিয়ে কারও মর্যাদা নির্ধারণ করা হয়নি। এটি পদ অনুযায়ী কীভাবে বিন্যাস করা হবে, সেটির নির্দেশনা মাত্র। আকবর আলি খান বলেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে কাকে আমন্ত্রণ জানানো হবে আর কাকে কীভাবে বসানো হবে, সেটি নির্বাহী বিভাগের কর্তৃত্ব। এটি বিচারবিভাগীয় কোনো বিষয় নয়। এখন এ দায়িত্বও বিচার বিভাগের নেওয়া ঠিক হবে কি না, সেটাই প্রশ্ন।