রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে বাণিজ্যিক ব্যাংকের পাওনা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩১০ কোটি টাকা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।এর আগে বিকেল সোয়া চারটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।এম আবদুল লতিফের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাণিজ্যিক ব্যাংকগুলো সর্বোচ্চ ১৬ হাজার ৯৮৭ কোটি টাকা পাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে। এ ছাড়া উল্লেখযোগ্য পাওনা রয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কাছে ছয় হাজার ১২ কোটি, বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের কাছে চার হাজার ১৫ কোটি, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড করপোরেশনের কাছে এক হাজার ৬৯০ কোটি, কৃষি উন্নয়ন করপোরেশনের কাছে এক হাজার ৯২৩ কোটি এবং কৃষি মন্ত্রণালয়ের কাছে এক হাজার ৫৬ কোটি টাকা।নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত দুই লাখ ২১ হাজার ৪১৫ জন নতুন করদাতা শনাক্ত করা হয়েছে। একই সময়ে আয়কর আদায় হয়েছে ১৩ হাজার ৯১০ কোটি টাকা।তহুরা আলীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, রাজস্ব বাড়ানোর জন্য সরকার মূল্য সংযোজন করের আওতা বাড়ানোর পরিকল্পনা করছে।জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ জানান, ২০১০-১১ অর্থবছরে টেলিটক ১১ কোটি টাকা লাভ করেছে।