রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়বদ্ধতা আইনের খসড়া নিয়ে আলোচনা
সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধ করা সংক্রান্ত আইনের খসড়া প্রস্তাবনা আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপিত হয়েছে। প্রস্তাবনাটি উপস্থাপন করেছেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। আজ সোমবার সংসদ ভবনে কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।বিধান অনুযায়ী কমিটির প্রস্তাবনাটি বিল আকারে সংসদে উপস্থাপন করবে আইন মন্ত্রণালয়। বৈঠক শেষে সুরঞ্জিত সেনগুপ্ত এ বিষয়ে প্রথম আলোকে বলেন, প্রস্তাবনাটি খসড়া পর্যায়ে রয়েছে। এটি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা হবে।সংবিধানের ৭৬(৩) অনুচ্ছেদ অনুসারে সংসদীয় কমিটিতে সাক্ষীদের হাজিরা, সাক্ষ্য গ্রহণ এবং দলিলপত্র দাখিলে বাধ্য করার জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারবে। সংবিধান প্রণয়ন হওয়ার পর ৩৮ বছর পার হয়ে গেলেও সংসদীয় কমিটির কাছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা-সংক্রান্ত এই আইনটি তৈরি হয়নি। সম্প্রতি এ নিয়ে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গে সরকারের হাইকোর্ট বিভাগের মতবিরোধ তৈরি হয়েছে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বিচার বিভাগ জনগণ ও সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারও কাছে দায়বদ্ধ নয়। অন্যদিকে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জনগণের কাছে দায়বদ্ধ হওয়া মানেই সংসদের কাছে দায়বদ্ধ হওয়া।আজকের বৈঠকে হিন্দু বিবাহ নিবন্ধন (রেজিস্ট্রেশন) ও উত্তরাধিকার (সাকসেশন) আইন সংশোধনের প্রস্তাবনা নিয়েও আলোচনা হয়। বৈঠক থেকে প্রস্তাবনাটি সংসদীয় কমিটিতে উপস্থাপনের পাশাপাশি আলোচনার জন্য হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়েছে।সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, রহমত আলী, আবদুল মতিন খসরু, খান টিপু সুলতান, জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী শফিক আহমেদ।