রাষ্ট্রীয় বাহিনীর আচরণ জনমনে শঙ্কা জাগিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে দেশের মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আসকের সভাপতি হামিদা হোসেন ও নির্বাহী পরিচালক সুলতানা কামাল। লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থাটির পরিচালক মো. নূর খান।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১১ সালে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ‘ক্রসফায়ারে’ ১০০ জন নিহত হয়েছে। এই সময়ে বখাটেদের উত্পাতে ৩৩ জন নারী আত্মহত্যা এবং বখাটেদের হাতে ২৩ জন খুন হয়েছে। এই সময়ে ফতোয়ার শিকার হয়েছেন ৫৯ জন নারী। এঁদের মধ্যে একজনকে হত্যা করা হয়েছে এবং ১৩ জন আত্মহত্যা করেছেন। সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৯৩৬ জন নারী, যার মধ্যে ১০৫ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন ১২ জন। মোট ৬২ জন নারী এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। গণপিটুনিতে মারা গেছেন ১৩৪ জন। কারা হেফাজতে ১১৬ জন কয়েদি ও হাজতির মৃত্যু হয়েছে। সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে নিহত হয়েছেন ৪০ জন। মোট ১১৭ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৭৪ জনই শিশু। আর এদের মধ্যে নির্যাতনে ৫১ জনের মৃত্যু হয়েছে, আটজন আত্মহত্যা করেছে এবং ছয়জন ধর্ষণের শিকার হয়েছে।লিখিত বক্তব্যে বলা হয়, সাধারণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রাষ্ট্রীয় বাহিনীর কিছু আচরণ জনমনে শঙ্কা ও উদ্বেগ সৃষ্টি করেছে। ২০১১ সালে অপরাধের নতুন প্রবণতা হিসেবে ‘নিখোঁজ’ বা ‘গুপ্তহত্যার’ ঘটনা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঘটতে দেখা গেছে, যা অত্যন্ত ভয়াবহ। কোনো ক্ষেত্রে নিখোঁজ বা নিহতের স্বজনেরা এসব ঘটনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাবের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।সংবাদ সম্মেলনে বলা হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও তা বন্ধ হয়নি। র্যাবের বিরুদ্ধে এ ধরনের হত্যাকাণ্ডের অভিযোগ উঠলেও বাহিনীটি কখনোই তা স্বীকার করেনি। এ ধরনের ঘটনার জ্বলন্ত উদাহরণ হলো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেন। এ বছর পুলিশের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা ছিল লক্ষ্যণীয়।সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে মূলত বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পালনের আগে ১৪৪ ধারা জারি হয়েছে ১৩৩ বার। রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারেরও সমালোচনা করা হয়। বলা হয়, এর ফলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা ব্যাহত হবে।পর্যালোচনায় ঢাকায় ভিক্ষুক জরিপ, সীমান্তে বিএসএফের হত্যা, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, শ্রমিকবঞ্চনা ও জাহাজভাঙা শিল্পের বিপজ্জনক দিকগুলোর সমালোচনা করা হয়।লিখিত বক্তব্যের পর প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, গুপ্তহত্যার বিষয়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নানাভাবে দায় বর্তায়। তাদের ওপর যখন অভিযোগ ওঠে, তখন বিবেচনা করতে হবে যে কেন উঠল। এসব অভিযোগ খণ্ডানোর দায়ও তাদেরই। তিনি বলেন, রাষ্ট্রের বাহিনীগুলো এখনো ক্ষমতাবানদের পক্ষে কাজ করার প্রবণতা থেকে বের হয়ে আসতে পারেনি।এক প্রশ্নের জবাবে নূর খান বলেন, ‘গুম-খুনের বিষয়ে সরকারের আন্তরিক কোনো তদন্ত দেখছি না।’