রাষ্ট্রীয় ব্যাংকে খেলাপিঋণ ও পরিচালন-ব্যয় না কমায় অসন্তোষ
রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের খেলাপিঋণ আদায় ও পরিচালন-ব্যয় পরিস্থিতি অসন্তোষজনক মনে করে বাংলাদেশ ব্যাংক। এ পরিস্থিতিতে চলতি বছর থেকে প্রয়োজনে প্রধান নির্বাহীর নিজ তত্ত্বাবধানে খেলাপিঋণ আদায় করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে আজ রোববার এসব নির্দেশ দেওয়া হয়। বৈঠকে এবছর বেসরকারি খাতে ব্যাংকগুলোর ঋণ প্রবৃদ্ধি ১৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং ২০১১ সালের চেয়ে কোনোভাবেই পরিচালন-ব্যয় যেন না বাড়ে, সে বিষয়ে সতর্ক করা হয়।যদিও ব্যাংকগুলোর দিক থেকে দাবি করা হয়েছিল, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (এসএমই) এবং কৃষি খাতের ঋণ এই ১৫ শতাংশের প্রবৃদ্ধির বাইরে রাখতে হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক তা নাকচ করে দিয়েছে বলে সূত্র জানায়।বিশেষত খেলাপিঋণ আদায়, ঝুঁকি ব্যবস্থাপনা, পরিচালন-ব্যয়, মূলধন পর্যাপ্ততা, লোকসানি শাখা কমানোসহ সার্বিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রতি বছর এই ব্যাংকগুলোর সমঝোতা চুক্তি (এমওইউ) হয়। এতে ব্যাংকগুলোর এসব ক্ষেত্রে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়। এই লক্ষ্যমাত্রার মধ্যেই প্রতি তিন মাসে অগ্রগতি পর্যালোচনা করে কেন্দ্রীয় ব্যাংক। এসব বিষয় নিয়েই আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বৈঠকে চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, এস কে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, নওশাদ আলী চৌধুরী, অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক রবিউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে এস কে সুর চৌধুরী প্রথম আলোকে বলেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর আর্থিক অবস্থার বিভিন্ন সূচকের (ইন্ডিকেটর) উন্নয়নে নিবিড় তত্ত্বাবধান করা হয়। এই ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এমওইউ হয় বছরে একবার। এই নির্দেশকগুলোর বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতেই বৈঠক হয়েছে। এখন ব্যাংকগুলো স্ব স্ব ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমওইউতে স্বাক্ষর করবে।বৈঠকে লিখিত বক্তব্যে গভর্নর বলেন, ব্যাংকগুলো কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পরও খেলাপিঋণের পরিমাণ ১১ দশমিক ২৭ শতাংশে রয়েছে, যা অনেক বেশি। সামগ্রিক ব্যাংক খাতে যেখানে খেলাপিঋণের হার ৬ দশমিক ১২ শতাংশ। সেখানে এই ব্যাংকগুলোর গড় খেলাপিঋণের ১১ দশমিক ২৭ শতাংশ।গভর্নর বলেন, গত বছর জনতা ব্যাংক ছাড়া অন্য তিনটি ব্যাংকের খেলাপিঋণ আদায় আশাব্যাঞ্জক নয়। শীর্ষ ২০ খেলাপি থেকে ঋণ আদায়ের যে লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছিল, রূপালী ব্যাংক তার মাত্র শূন্য দশমিক ০৪ শতাংশ আদায় করেছে, সোনালী ব্যাংক ১৪ দশমিক ৮২ শতাংশ, অগ্রণী ব্যাংক ৫৭ শতাংশ এবং জনতা ব্যাংক আদায় করেছে ৯২ শতাংশ। এ আদায় বাড়াতে হবে।তবে গভর্নর ব্যাংকগুলোর মূলধন ও প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণের হারে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শিগগিরই যেহেতু ব্যাসেল-৩ বাস্তবায়ন করতে হবে। তাই ভবিষ্যত্ প্রস্তুতি হিসেবে মূলধন বৃদ্ধির আরও বিস্তৃত পরিকল্পনা করতে হবে।