রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের আওতায় এনে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০১৩’ আজ সোমবার সংসদে উত্থাপিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বিলটি সংসদে উত্থাপন করেন।উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের সমকালীন বিভিন্ন রেজুলেশন ও প্রথা এবং আন্তরাষ্ট্রীয় আলোচনার আলোকে আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসকে সংজ্ঞায়িত ও আইনকে আরও যুগোপযোগী করতে এই বিল আনা হয়েছে।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা বিমানে অবস্থানকারীর ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। বিলে সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে।