রাষ্ট্রের কার্যক্রমের ধারাবাহিকতা রাখতেই পঞ্চম সংশোধনী আনা হয়েছিল: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্যই পঞ্চম সংশোধনী আনা হয়েছিল। সংবিধানের চতুর্থ সংশোধনী না আনলে পঞ্চম সংশোধনীর প্রয়োজন হতো না। সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা লিভ টু আপিলের ওপর শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ এ কথা বলেন। প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো শুনানি শেষ হয়। আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।মওদুদ আহমদ আরও বলেন, আপিল বিভাগের একাধিক রায়ে পঞ্চম সংশোধনীকে বৈধতা দেওয়া হয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, অষ্টম সংশোধনী মামলার বিচারপতি সাহাবুদ্দীন আহমদ সংবিধান সংশোধনী প্রসঙ্গে বলেছিলেন সংসদ সংশোধনীগুলোর অনুমোদন করেছে এবং জনগণ তা গ্রহণ করেছে। এসব কারণে সংশোধনীগুলো সংবিধানের অংশে পরিণত হয়েছে। এর আগে শুনানিতে অংশ নিয়ে খোন্দকার দেলোয়ারের আইনজীবী টি এইচ খান বলেন, এই মামলায় এখতিয়ার একটি বড় বিষয়। পঞ্চম সংশোধনী এনেছে সংসদ। তাই এ সংশোধনী বাতিলের ক্ষমতা হাইকোর্টের আছে কি না, এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।