রাষ্ট্রের নির্লিপ্ততায় গুমের ঘটনা দিন দিন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুমের ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থা বা যে-ই জড়িত থাকুক, অপরাধীদের বিচারের সম্মুখীন করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্রের নির্লিপ্ত ভূমিকার জন্য গুমের ঘটনা দিন দিন বাড়ছে। সঠিক তদন্ত এবং বিচার না হওয়ায় তৈরি হয়েছে এক ভয়ের সংস্কৃতি।গতকাল শনিবার মানবাধিকার সংগঠন অধিকার এবং গুমবিরোধী এশীয় ফেডারেশনের (আফাদ) উদ্যোগে আয়োজিত এক সভায় বিশিষ্টজনেরা এ মন্তব্য করেন। রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘গুম হওয়া থেকে সবার সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদের স্বীকৃতি’ শীর্ষক দুই দিনের এই সভার আয়োজন করা হয়।গতকালের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ন্ত্রণে বিচার বিভাগের সাহসী ভূমিকার প্রয়োজন। পুলিশের প্রতি তাঁর ‘পূর্ণ আস্থা’ আছে বলে উল্লেখ করেন বিচারপতি মাহমুদুল আমিন। তিনি বলেন, নারীকে পুরুষ এবং পুরুষকে নারী বানিয়ে ফেলার মতো ঘটনা ছাড়া তারা সবকিছুই করতে পারে। রাষ্ট্রের কর্তাব্যক্তিরা যদি স্বাধীনভাবে কাজ করতে দেন, সীমাবদ্ধতা সত্ত্বেও নিখোঁজ যেকোনো ব্যক্তিকে খুঁজে বের করা এবং অপরাধীদের শনাক্ত করার ক্ষমতা তাদের আছে। কিন্তু দুর্ভাগ্য হলো, তাদের সঠিকভাবে কাজ করতে দেওয়া হয় না। সভায় সভাপতিত্ব করেন অধিকারের সভাপতি সি আর আবরার। বিশেষ অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘গুমের ঘটনা এবং বিচারবহির্ভূত হত্যার ঘটনা বাংলাদেশে নতুন নয়। এসব ঘটনার সঠিক তদন্ত এবং বিচার না হওয়ার জন্য একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। এই সংস্কৃতি সমাজের সবাইকে গ্রাস করছে।’ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, গুম বা বিচারবহির্ভূত হত্যার মতো ঘটনা খুব জটিল বলে এসবের তদন্ত প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন করা যায় না। কাজেই দেশে এসব ঘটনার তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে, তাতে তিনি খুব হতাশ নন। সভায় ‘বাংলাদেশে গুম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সায়রা রহমান খান। তিনি ‘অধিকার’ পরিচালিত গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, ২০১২ সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত ২১টি গুমের ঘটনা ঘটেছে। এর মধ্যে নয়টি ঘটনায় র‌্যাবের জড়িত থাকার অভিযোগ রয়েছে। অধ্যাপক সায়রার পর্যবেক্ষণ, যেসব ঘটনা রেকর্ড করা হয় তার চেয়ে আরও অনেক বেশি ঘটনা ঘটে। সভার বিশেষ অতিথি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনও বলেন, গুমের প্রকৃত সংখ্যা আসলে অনেক বেশি। তিনি বলেন, ‘বিরোধী রাজনৈতিক শক্তিকে শায়েস্তা করার জন্য সরকার গুমকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে’। জাতিসংঘের গুম-সংক্রান্ত কমিটির সদস্য রেইনার হুল জানান, জাতিসংঘের গুম-সংক্রান্ত আন্তর্জাতিক সনদটি ২০১০ সালের ডিসেম্বরে কার্যকর হয়। এ পর্যন্ত ৯১টি সদস্য রাষ্ট্র এ সনদে স্বাক্ষর করেছে এবং ৩৩টি রাষ্ট্র অনুস্বাক্ষর করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু ভারত এবং মালদ্বীপ এতে স্বাক্ষর করেছে। সভায় বক্তাদের সবাই দাবি করেন বাংলাদেশ যেন এ সনদে দ্রুত স্বাক্ষর করে। সভার দ্বিতীয় অধিবেশনে নিরুদ্দেশ এবং বিচারবহির্ভূত হত্যা-সংক্রান্ত বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন অধিকারের উপদেষ্টা ফরহাদ মজহার এবং ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক আগরওয়াল। সকালের অধিবেশনে এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের নির্বাহী পরিচালক ওং কাই শিং, আফাদের মহাসচিব মেরি এইলেন ডায়েজ বাকালসো, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা, মানবাধিকার কমিশনের সদস্য ফওজিয়া করিম ফিরোজ প্রমুখ বক্তব্য দেন।বিকেলে শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ফিলিপাইনের মানবাধিকার বিষয়ে আলোচনা হয়। ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মঈন উদ্দীন খান বাদল, মাহমুদুর রহমান মান্না প্রমুখ।