রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ আশা করছি
গুপ্তহত্যা সমাজে এমন এক ভীতিকর অস্থির অবস্থার সৃষ্টি করেছে যে এর অবসানের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে। বিষয়টি সম্পর্কে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।সাধারণভাবে মানুষের ধারণা, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যাগুলো ঘটাচ্ছে। এই ধারণা থেকে মানুষ খুব অসহায় বোধ করতে শুরু করেছে। কারণ, রাষ্ট্রীয় সন্ত্রাস হলে তো সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা থাকে না।কিন্তু সরকারের পক্ষ থেকে সব সময়ই বলা হচ্ছে, এসব ঘটনা তারা ঘটাচ্ছে না। এর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যদি তা সত্য হয়ও, তাহলেও কারা, কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে, সেটা তাদেরই খুঁজে বের করা উচিত।যেকোনো সন্ত্রাসী ঘটনার সমাধান আইনের আওতায় হতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা পাওয়া জনগণের অধিকার। জনগণ এই সহযোগিতার জন্য সব সময় সরকারের তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখাপেক্ষী হয়ে থাকে। কিন্তু জনগণ তাদের সহযোগিতা না পেলে সন্ত্রাস, গুপ্তহত্যা আরও বাড়বে। রাষ্ট্র এই সমস্যার সমাধান দিতে না পারলে তা প্রকারান্তরে সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়ার শামিল। সে ক্ষেত্রে সন্ত্রাস আরও সন্ত্রাস বাড়াবে। পুরো সমাজ সন্ত্রাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে।অতীতে যখন বিশেষ বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রীয় প্রশ্রয় পাওয়া শুরু করে, তখনই আমরা বলেছিলাম, এই ঘটনা বন্ধ না হলে তা কোনো একসময় সরকারি বাহিনীর আয়ত্তের মধ্যে না-ও থাকতে পারে। বর্তমানের একের পর গুপ্তহত্যার ঘটনা যদি আইনশৃঙ্খলা বাহিনী না ঘটিয়ে থাকে, তাহলে তো ওই অবস্থার সৃষ্টিরই লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে বলা যায়।গণমাধ্যমে প্রকাশিত গুপ্তহত্যার ঘটনাগুলো তদন্ত করে দেখবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। তাঁর এ বক্তব্যকে স্বাগত জানাই। গোপন না রেখে দ্রুত তদন্ত করে জনগণকে প্রকৃত ঘটনা জানানো হোক। একই সঙ্গে গুপ্তহত্যা বন্ধে রাষ্ট্র প্রয়োজনীয় ও সম্ভাব্য সব পদক্ষেপ নিক।সুলতানা কামাল: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক