রাষ্ট্রের স্বীকৃতি চায় ফিলিস্তিন, যুক্তরাষ্ট্রের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৪ বছরের ইসরায়েলি দখলদারির অবসান ঘটাতে তত্পরতা শুরু করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘের অধিবেশনে পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবেন তিনি। নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া লেবাননের সঙ্গেও জোর কূটনৈতিক তত্পরতা শুরু করেছে ফিলিস্তিন। তবে বরাবরের মতোই যুক্তরাষ্ট্রে ওই প্রস্তাবে ভেটো দেবে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।আগামী ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ব্যক্তিগতভাবে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার আবেদন জানাবেন।ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া এবং ইসরাইলের দখলদারির অবসান ঘটানো হচ্ছে জাতিসংঘের নৈতিক, বৈধ, রাজনৈতিক এবং ঐতিহাসিক দায়িত্ব।আব্বাস বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার লেবাননে যাচ্ছেন। তিনি আশা করছেন, ফিলিস্তিনকে সদস্যরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে লেবানন সহানুভূতিশীল হবে।তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনের এ আহ্বানকে প্রত্যাশিত ও দুঃখজনক মনে করছে। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বাস করেন, সরাসরি বৈঠক ও আন্তরিক আলোচনার মাধ্যমেই কেবল এ সমস্যা সমাধানের অগ্রগতি সম্ভব। একপক্ষীয় কোনো সিদ্ধান্তের মাধ্যমে তা সম্ভব নয়।গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে সরাসরি বৈঠক ভেস্তে যাওয়ার পর সৃষ্ট হতাশা ও অচলাবস্থা থেকেই ফিলিস্তিন এ সিদ্ধান্ত নেয়। ফিলিস্তিন ওই বৈঠকে ইসরাইলের বসতি স্থাপনপ্রক্রিয়া বন্ধ রাখতে বললে ইসরায়েল তা প্রত্যাখ্যান করে। এর মধ্য দিয়েই ওই বৈঠকটি ভেস্তে যায়। ফিলিস্তিন এবার আশা করছে, সদস্যরাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি ইসরায়েলের ৪৪ বছরের দখলদারির অবসান ঘটাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে সাহায্য করবে।কোনো দেশকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে হলে প্রথমে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের সমর্থন লাগে। পরে সাধারণ পরিষদে প্রস্তাবটি পাস হতে হয়। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ভেটো দেবে বলে জানিয়ে দিয়েছে। তবে নিরাপত্তা পরিষদের আরেক স্থায়ী সদস্য যুক্তরাজ্য এখনো তাদের অবস্থান জানায়নি।পূর্ণ সদস্যপদ পেতে ব্যর্থ হলে ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্যবিহীন রাষ্ট্রের (নন মেম্বার স্টেট) স্বীকৃতি দেওয়ার প্রস্তাব তুলবে। এটা পূর্ণ সদস্যপদ পাওয়ার আগের ধাপ। তবে সদস্যবিহীন রাষ্ট্রের স্বীকৃতি পেতেও সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রের সমর্থন পেতে হবে। ফিলিস্তিন আশা করছে, তারা ১২০টি দেশের সমর্থন পাবে।ফিলিস্তিন ও ইসরায়েল নিজেদের প্রতি সমর্থন বাড়াতে এরই মধ্যে বিশ্বজুড়ে কূটনৈতিক তত্পরতা শুরু করেছে। মালকির মতে, ফিলিস্তিনের সবচেয়ে দুর্বল কিংবা ভরসার স্থান হলো লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলো। ওই রাষ্ট্রগুলো মতৈক্যে পৌঁছতে আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে।আর ইসরায়েলের লক্ষ্য ইউরোপের দেশগুলোর সমর্থন আদায় করা। এই দেশগুলোর মধ্যে জার্মানি ও ইতালি ফিলিস্তিনের বিরোধিতা করলেও আয়ারল্যান্ড ও পর্তুগাল পক্ষে রয়েছে। অন্যদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য এ ব্যাপারে এখনো তাদের অবস্থান পরিষ্কার করেনি।গত সপ্তাহে ইসরায়েল কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমে এক হাজার ৬০০ বসতি স্থাপনের পরিকল্পনার সিদ্ধান্তে অটল থাকার বিষয়টি নিশ্চিত করেছে। ভবিষ্যতে আরও দুই হাজার ৭০০ বসতি স্থাপনের অনুমোদন দেওয়া হবে বলে আশা করছে তারা। অন্যদিকে ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেম ফেরত চাচ্ছে ফিলিস্তিন।এদিকে ফিলিস্তিনের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লাইবারম্যান বলেছেন, ফিলিস্তিনিরা ব্যাপক হত্যাকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে, যা আগের ঘটনাকেও হার মানাবে। তবে ফিলিস্তিনের মুখপাত্র ঘাসান খাতিব এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ইসরায়েলের এই সহিংসতার ভবিষ্যদ্বাণী সঠিক নয়।