রাস উৎসব ঘিরে কুয়াকাটায় প্রাণচাঞ্চল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস উৎসব ও মেলা উপলক্ষে দেশ-বিদেশি পর্যটক ও পুণ্যার্থীদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত। আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে অংশ নেবেন পুণ্যস্নানে। প্রায় শত বছরের এই ঐতিহ্যবাহী উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য লোক ছুটে আসছে এখানে। বুধবার সন্ধ্যার আগেই ব্যাপক লোকসমাগম হয়। দর্শনার্থীদের মধ্যে অধিকাংশই বাস, টেম্পো, টমটম, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি নিয়ে কুয়াকাটায় আসে। অনেকে আবার নৌকা ও ট্রলারে করে সাগর-নদী পেরিয়ে কুয়াকাটায় আসে। কলাপাড়া উপজেলা সদর থেকে কুয়াকাটায় যাওয়ার মাত্র ২২ কিলোমিটার সড়ক পার হতে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। রাস উৎসব ও মেলা উদ্যাপন কমিটির সভাপতি বিপুল হাওলাদার বলেন, ‘আগত ভক্ত ও পুণ্যার্থীদের জন্য আমরা যথাসম্ভব সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আশা করি, অন্যবারের চেয়ে এবার আমাদের আতিথেয়তায় সবাই মুগ্ধ হবে।’ এবারের রাস উৎসবে বিশেষ আকর্ষণ ছিল বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ‘সুন্দরবনকে’ ভোট দেওয়ার প্রচারণা। কুয়াকাটা প্রেসক্লাব, বরগুনা সদর উপজেলার চেয়ারম্যান ও বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সভাপতি লে. কর্নেল (অব.) মো. আবদুল খালেক সমুদ্রসৈকতসহ কুয়াকাটার বিভিন্ন পয়েন্টে প্রচার চালান। রাস উৎসবকে কেন্দ্র করে বুধবার রাত থেকে চলছে নামকীর্তন, পদাবলি, পূজা-অর্চনাসহ নানা ধরনের অনুষ্ঠান। এতে প্রখ্যাত বাউলসংগীতশিল্পী কিরণচন্দ্র রায়সহ বেতার ও টেলিভিশনের শিল্পীরা ধর্মীয় ও ভক্তিমূলক গান পরিবেশন করেন।সরেজমিনে দেখা গেছে, এবার রাস উৎসবের পাশাপাশি ঈদুল আজহার তিন দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পর্যটক আর দর্শনার্থীদের আগমনে দীর্ঘদিন পর কুয়াকাটা যেন প্রাণ ফিরে পেয়েছে। রাস উৎসবে হিন্দুসম্প্রদায়ের বাইরে উৎসব উপভোগ করতে সমবেত হয়েছে বিভিন্ন ধর্ম ও পেশার মানুষ। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘বছরের এমন দিনের জন্যই আমাদের অপেক্ষা থাকে। এমনিতেই একের পর এক দুর্যোগের কারণে কয়েক বছর ধরে পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। এ বছর তুলনামূলক লোকসমাগম হওয়ায় কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারব আমরা।’উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, রাস উৎসব নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।