রাসায়নিক অস্ত্রের জন্য পরিণাম ভোগ করতে হবে
সিরিয়ার মানুষের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে এর পরিণাম ভোগ করতে হবে। এ কথা বলে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গত সোমবার যুক্তরাষ্ট্রের ফোর্ট ম্যাকনেয়ারে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিষয়ক এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্ব সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রাসায়নিক অস্ত্রের ব্যবহার কোনোভাবে মেনে নেওয়া হবে না। ওবামা বলেন, আমরা যেকোনো রাসায়নিক অস্ত্রের ব্যবহার রোধে কাজ করছি। লিবিয়ায় পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে যেমনটি করেছি, সিরিয়ার বেলায় তেমনিভাবে রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধে কাজ করছি। তিনি বলেন, আমরা চাই না ২০ শতকের বাজে অস্ত্র দিয়ে একবিংশ শতাব্দী অন্ধকারাচ্ছন্ন হোক। তাই আমি আসাদ ও তাঁর অনুগত সবাইকে পরিষ্কার করে বলে দিতে চাই যে এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে, এর দায় তাদের নিতে হবে।এদিকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতির অভিযোগ নাকচ করে দিয়েছেন সিরিয়ার কর্মকর্তারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘সিরিয়ার পক্ষ থেকে বারবারই এ ধরনের অস্ত্র ব্যবহার করা হবে না বলে নিশ্চিত করা হচ্ছে। এমনকি এ ধরনের অস্ত্রের মজুত থাকলেও কোনো অবস্থায় তা জনগণের ওপর প্রয়োগ করা হবে না। রয়টার্স।