রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে সিরিয়া: যুক্তরাষ্ট্র
বিদ্রোহীদের দমনে সিরিয়া সরকার স্বল্পমাত্রার হলেও রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চক হাগল। মার্কিন গোয়েন্দাদের কাছে এ বিষয়ে তথ্যপ্রমাণ আছে বলেও দাবি করেন তিনি। গতকাল বৃহস্পতিবার আবুধাবিতে সাংবাদিকদের এ কথা বলেন হাগল। খবর ‘টাইমস অব ইন্ডিয়া’র।চক হাগল বলেন, ‘আমাদের গোয়েন্দারা বেশ শক্ত ভিত্তির ওপরে দাঁড়িয়ে বলছেন, সিরিয়ার সরকার বিদ্রোহীদের দমনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে, বিশেষভাবে সারিন গ্যাস। এটা পরিষ্কারভাবে যুদ্ধনীতির লঙ্ঘন।’ এই রাসায়নিক অস্ত্র কী পরিমাণে ব্যবহার করা হয়েছে বা এর প্রভাব কী, সে বিষয়ে জনসমক্ষে কোনো বক্তব্য দেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।রাসায়নিক অস্ত্র ব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে হয়তো সিরিয়া-সংকট নিরসনে সরাসরি হস্তক্ষেপের দিকে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বিস্তারিত তদন্তে মার্কিন সিনেটরদের কাছে চিঠি পাঠানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। হোয়াইট হাউসের আইনবিষয়ক পরিচালক মিগুয়েল রদ্রিগেজের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট এ বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখছেন। এ কারণে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের প্রয়োগ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করাটা আমাদের নৈতিক বাধ্যবাধকতা।’