রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে জবাব দিতে হবে
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে তা হবে এক ‘বেদনাদায়ক ভুল’। এ জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জবাব দিতে হবে।গতকাল সোমবার এ কথা বলে হুঁশিয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই দিন সিরিয়া বলেছে, দেশের ভেতর নয়, হামলা হলে বিদেশি সেনাদের বিরুদ্ধে এ অস্ত্র ব্যবহার করা হবে। সিরিয়ার এ কথার জবাবে ওবামা এ কথা বলেন। বিবিসি ও আল জাজিরা টেলিভিশন অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।ওয়াশিংটনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার পুরোপুরি অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এদিকে যেকোনো ধরনের রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিন্দনীয় হবে বলে মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।গতকাল এক সংবাদ সম্মেলনে হামলা চালানো বিদেশি সেনাদের ওপর রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের ঘোষণা দেন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি। আত্মরক্ষার জন্য সিরিয়া এ অস্ত্র ব্যবহার করবে বলে জানান তিনি।গতকাল ওই সংবাদ সম্মেলনে জিহাদ মাকদিসি বলেন, ‘সিরিয়ার কাছে যে পরিমাণ ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে, তা কোনো অবস্থায়ই সাধারণ জনগণের ওপর প্রয়োগ করা হবে না।’ সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করে নিয়েছেন যে দামেস্কে রাসায়নিক অস্ত্রের মজুদ রয়েছে।বিদ্রোহী সেনাদের হামলায় বাশার সরকারের চার শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর তাদের রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে বিতর্ক ওঠে। তবে এ ব্যাপারে জনসমক্ষে কোনো বক্তব্য দেয়নি সিরিয়া।