রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ব্যবস্থা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহূত হলে তা হবে সীমা লঙ্ঘন। এতে সিরিয়াসংকটে তাঁর হস্তক্ষেপের চিন্তাভাবনায় পরিবর্তন হতে পারে। গত সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আজ মঙ্গলবার রয়টার্স ও বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।এদিকে সিরিয়ায় একতরফা হামলা না চালাতে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া ও চীন। বিবিসি ও রয়টার্সে আজ মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সাংবাদিকদের ওবামা বলেন, ‘আমরা যদি কোনো রাসায়নিক অস্ত্র মোতায়েন বা এর ব্যবহার দেখতে পাই, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।’ তিনি আরও বলেন, জীবাণু অস্ত্রের মোতায়েন বা ব্যবহার এ অঞ্চলের সহিংসতা আরও ছড়িয়ে দেবে। এটি শুধু সিরিয়ায় নয়, ইসরায়েলসহ আশপাশের দেশগুলোয় এর বিরূপ প্রভাব পড়বে। এ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সতর্ক করে ওবামা বলেছেন, ময়দানে এ ধরনের অস্ত্র মোতায়েন বা ব্যবহারের আরও খেলোয়াড় আছে।রাসায়নিক অস্ত্র মজুদের দিক দিয়ে বিশ্বে সিরিয়া চতুর্থ স্থানে রয়েছে। গত মাসে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সিরিয়ার ভেতর কখনোই এ অস্ত্র ব্যবহার করা হবে না।গতকাল সোমবারও দামেস্ক, দেরা, আলেপ্পোসহ সিরিয়ার বিভিন্ন শহরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। আলেপ্পোতে মিকা ইয়ামামোতো নামের এক জাপানি সাংবাদিক নিহত হয়েছেন। তিনি জাপান প্রেসের সাংবাদিক ছিলেন।জাতিসংঘ জানায় সিরিয়ার, সহিংসতায় এ পর্যন্ত ১৮ হাজারের বেশি লোক নিহত হয়েছে। এক লাখ ৭০ হাজার লোক দেশটি থেকে পালিয়েছে। দেশটিতে এখন ২৫ লাখ লোকের সহায়তা প্রয়োজন। রাশিয়া ও চীন একমতসিরিয়ার ওপর পশ্চিমা বিশ্ব একতরফাভাবে হামলা চালালে তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদকে লঙ্ঘন করা হবে বলে মনে করছে রাশিয়া ও চীন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থাগুলো এ তথ্য জানায়। আজ রয়টার্সে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।চীনের স্টেট কাউন্সিলর দাই বিঙ্গুর সঙ্গে বৈঠককালে লাভরভ বলেন, আন্তর্জাতিক আইনের বিধান এবং জাতিসংঘ সনদের প্রধান ধারাগুলো কঠোরভাবে মেনে চলতে রাশিয়া ও চীন কূটনৈতিকভাবে সহযোগিতা করবে। কোনোভাবেই এটি ভঙ্গ করতে দেওয়া যাবে না।