রাসায়নিক অস্ত্র সরাচ্ছে সিরিয়া
সিরিয়া সরকার বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে তাদের রাসায়নিক অস্ত্রের কিছু অংশ নিরাপদ স্থানে সরাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। গতকাল শুক্রবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে বিবিসি অনলাইনে জানানো হয়। প্যানেট্টা বলেন, ‘গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্রের কিছু অংশ নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। তবে রাসায়নিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সীমিত পদক্ষেপ নিচ্ছে। রাসায়নিক অস্ত্রের অধিকাংশ স্থাপনা আগের জায়গায় রয়েছে।’ আসাদ সরকারের কাছে থাকা রাসায়নিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছেন প্যানেট্টা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগেই বলেছেন, বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্রের ব্যবহার হলে এ জন্য সিরিয়া সরকারকে জবাবদিহি করতে হবে। তবে ১৮ মাস ধরে চলতে থাকা সরকারবিরোধী আন্দোলনে বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।