রাসায়নিক কারখানা সরানোর দাবিতে আন্দোলন অব্যাহত
ঢাকার কেরানীগঞ্জ থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিঃসৃতকারী রাসায়নিক কারখানা সরানোর দাবিতে এলাকাবাসীর আন্দোলন অব্যাহত রয়েছে।দাবি আদায়ে জনমত সৃষ্টির জন্য দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদসহ আশপাশের কয়েকটি গ্রামের স্কুল-কলেজ, রাস্তাঘাট, বাড়ির দেয়াল, দোকানপাট পোস্টারে ছেয়ে গেছে। কারখানার নিঃসৃত গ্যাসের ভয়াবহতা তুলে ধরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামের বাড়িতে বাড়িতে প্রচারপত্র বিলি করছে এলাকাবাসী।ক্ষুব্ধ লোকজন বলছেন, হাসনাবাদ কন্টিনেন্টাল রোডের আবাসিক এলাকা থেকে গ্লোবাল হেভি কেমিক্যাল কোম্পানি লিমিটেড কারখানা না সরানো পর্যন্ত তাদের আন্দোলন চলবে।আন্দোলনের কর্মসূচি ঠিক করতে গতকাল শুক্রবার জুমার নামাজের পর হাসনাবাদ কামুচানশা মাজারের সামনে জড়ো হয় তিন শতাধিক বাসিন্দা। সেখানে সিদ্ধান্ত হয়, কারখানা সরানোর দাবিতে তারা আবার গ্লোবাল হেভি কেমিক্যাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন। মালিকপক্ষ কারখানা সরাতে রাজি না হলে বৃহৎ আন্দোলনের ডাক দেবে এলাকাবাসী।গত ১৬ অক্টোবর গ্লোবাল হেভি কেমিক্যাল কারখানায় গ্যাস সরবরাহের পাইপ ছিদ্র হয়ে বিষাক্ত ক্লোরিন গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক লোক অসুস্থ হওয়ার পর থেকে কারখানাটি অন্যত্র সরানোর দাবিতে আন্দোলন করছে এলাকাবাসী।এ নিয়ে আন্দোলন করা সংগঠন সুসচেতন নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, সমস্যাটি সমাধানের জন্য বৃহস্পতিবার দুপুরে কারখানার সভাকক্ষে মালিকপক্ষের সঙ্গে সুসচেতন নাগরিক কমিটির আলোচনা হয়। কিন্তু মালিকপক্ষের একরোখা মনোভাবের কারণে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়।সভায় উপস্থিত শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চার নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম বলেন, ‘কারখানাটির কারণে মানুষের জীবন বিপন্ন। জীবন বাঁচাতে যা কিছু করা দরকার তাই করা হবে। প্রয়োজনে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য হব।’যোগাযোগ করা হলে কারখানার ব্যবস্থাপক মিলন কৃষ্ণ বড়াল বলেন, ‘বৃহস্পতিবার এলাকাবাসীর সঙ্গে বসেছিলাম। তারা কারখানা সরানোর দাবি জানিয়েছে। এ ব্যাপারে করণীয় ঠিক করতে আমরা নিজেরা বৈঠকে বসব।’