রাসায়নিক গুদাম ও কারখানা সরানোর জোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার সকাল ১০টায় নবাব কাটরায় ঢুকতেই কানে এল কোরআন তিলাওয়াতের সুর। নবাব কাটরার ছাতা মসজিদে তিলাওয়াত হচ্ছিল নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে।দোয়া ও মোনাজাত, স্মরণসভা, স্মৃতিস্তম্ভের উদ্বোধন, আলোকচিত্র প্রদর্শনী, মানববন্ধনের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তিতে নিহত ব্যক্তিদের স্মরণ করেছে নবাব কাটরাবাসী। তারা জোরেশোরে দাবি তুলেছে পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম ও কারখানা সরানোর।নিহত ব্যক্তিদের স্মরণে স্মৃতিস্তম্ভ: নিমতলীর নিহত ব্যক্তিদের স্মরণে নবাব কাটরা (নিমতলী) যুব সংঘ নির্মাণ করেছে স্মৃতিস্তম্ভ। নাম ‘নিমতলী ট্র্যাজেডি’। নবাব কাটরার গলির ভেতরে ঢুকতেই পঞ্চায়েত কমিটির মোড়ে চোখে পড়বে এই স্মৃতিস্তম্ভ।সকালে এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। স্মৃতিস্তম্ভে খোদাই করে লেখা আছে ‘আজ এবং আগামী প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে “নিমতলী ট্র্যাজেডি” নির্মিত। এটি একটি সচেতনতার প্রতীক’। স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে মোস্তফা জালাল মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, পুরান ঢাকা খুব ঘিঞ্জি এলাকা। এখানকার ঘরগুলোর ওপরে মানুষ থাকে, নিচে গুদামঘর। তাই দুর্ঘটনা ঘটে। নিজের ও ভাড়াটেদের জীবন বাঁচানোর কথা চিন্তা করে হলেও এখান থেকে সব রাসায়নিক গুদাম সরাতে হবে। চার-পাঁচ মাসের মধ্যে এসব গুদাম সরানোর প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান।দুপুরে জুমার নামাজ শেষে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে ছাতা মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।অগ্নিকাণ্ড নিয়ে প্রদর্শনী: বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত অগ্নিকাণ্ডের সংবাদ ও আলোকচিত্র নিয়ে নবাব কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রদর্শনীর আয়োজন করে নবাব কাটরা সমাজকল্যাণ সংগঠন। দিনভর চলে প্রদর্শনী। ওই সময়ের সংবাদ ও আলোকচিত্র দেখতে সারা দিনই প্রদর্শনীতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।শোকের ব্যানার: নবাব কাটরার অলিগলিতে নিহত ব্যক্তিদের স্মরণে টানানো বিভিন্ন ধরনের ব্যানার। কোনোটিতে লেখা, ‘মা, তুমি কোথায়? ৩রা জুন নিমতলী অগ্নিকাণ্ডে মা তুমি চলে গেছ, ভাই-বোন সবাইকে নিয়ে গেছ সাথে, অসহায় গোলাম হোসেন কাঁদি একা’ কিংবা ‘৩রা জুন নিমতলী অগ্নিকাণ্ড কী করে ভুলি। নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আহতদের প্রতি রইল গভীর সমবেদনা’। কোনোটাতে ছিল, ‘ভুলব কেমন করে তোমাদের সেই আর্তনাদ’, ‘৩রা জুনকে “জাতীয় ট্র্যাজেডি দিবস” স্বীকৃতি দিতে হবে’।রাসায়নিক গুদাম সরানোর দাবি: সকালে মানববন্ধন করে পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক ও প্লাস্টিক গুদাম সরানোর দাবি জানায় নবাব কাটরা (নিমতলী) যুব সংঘ। অগ্নিকাণ্ডের জন্য দায়ী কারখানা মালিকদের গ্রেপ্তারের দাবিও জানায় সংগঠনটি। সংগঠনটির অভিযোগ, সরকারের প্রতিশ্রুত ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনো পায়নি। একই দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি করা হলেও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরাতে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। দাবি বাস্তবায়ন করতে এখন জনগণকে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে।বার্ন ইউনিটের অগ্নিসচেতনতা দিবস: নিমতলীর ঘটনা স্মরণে দিনটিকে ‘অগ্নিসচেতনতা দিবস’ হিসেবে পালন করেছে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) বার্ন ইউনিট ও বাংলাদেশ সোসাইটি ফর বার্ন ইনজুরিস। এ উপলক্ষে বার্ন ইউনিট মিলনায়তনে আয়োজিত সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বলেন, নিমতলীর ঘটনায় গঠিত তদন্ত কমিটি যাদের দোষী চিহ্নিত করেছিল, তাদের কারোরই বিচার হয়নি। একজনেরও যদি বিচার হতো, তাহলে অন্যরা তাদের রাসায়নিক গুদাম সরিয়ে ফেলত। বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্তলাল সেন বলেন, দেশে যেন আর কোনো ভয়াবহ অগ্নিকাণ্ড না ঘটে সেটি প্রতিরোধ করতে প্রচারাভিযান চালাতে হবে। মানুষকে সচেতন করা গেলে আগুনে পুড়ে মৃত্যু কমানো সম্ভব হবে।ডিএমসির পরিচালক শহিদুল হক মল্লিকের সভাপতিত্বে সভায় মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ সোসাইটি ফর বার্ন ইনজুরিসের সভাপতি সৈয়দ শামসুদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকালে সামন্তলাল সেনের নেতৃত্বে একটি শোভাযাত্রা নবাব কাটরায় নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।স্মরণসভা: অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে কোতোয়ালি থানা আওয়ামী লীগ আয়োজিত সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, পুরান ঢাকাকে রাসায়নিক ও প্লাস্টিক কারখানার অভিশাপ থেকে মুক্ত করতে কাজ করছে সরকার। এসব কারখানা সরানোর প্রক্রিয়া শেষ হয়েছে। কেরানীগঞ্জের দিকে এসব কারখানা সরানোর পরিকল্পনা করেছে শিল্প মন্ত্রণালয়। এ বছরের মধ্যে কারখানাগুলো সেখানে সরানো যাবে বলে আশা করেন তিনি।নবাব কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনসহ অনেকে বক্তৃতা করেন।