রাসায়নিক থেকেই নিমতলীর আগুন
ভবনের নিচতলার গুদামে রাখা রাসায়নিক দ্রব্য থেকেই পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আঠালো রাসায়নিক পদার্থ লাভার মতো রাস্তাসহ আশপাশে ছড়িয়ে পড়ে। সরকারি তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান ইকবাল খান চৌধুরী মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে প্রতিবেদনের কিছু তথ্য তুলে ধরেন।ওই অগ্নিকাণ্ডে এক কোটি ৬৮ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের সম্পদের ক্ষতি ও ১২১ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনার জন্য রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ী ও বাড়ির মালিক তিন ভাইকে দায়ী করেছে তদন্ত কমিটি। রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিঁড়িকোঠায় দীর্ঘসময় ধরে রান্নার কাজ চলায় তা থেকে সৃষ্ট তাপ গুদামে সংরক্ষিত রাসায়নিক দ্রব্যের মধ্যে বিক্রিয়া ঘটালে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় এবং দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। তদন্ত কমিটি বলেছে, গুদামে যে রাসায়নিক দ্রব্য রাখা হয়েছিল তার নাম এনএন ডাই নাইট্রোসো পেন্টামিথিলিন টেট্রামিন (ডিএনপিটি)। এ রাসায়নিক দ্রব্যটির ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান তাজমেরী এস এ ইসলাম প্রথম আলোকে বলেন, এটি অত্যন্ত ভয়াবহ রাসায়নিক দ্রব্য। এটি থেকে একটু গ্যাস বের হলে তাতে আগুন লেগে যায় এবং ছড়িয়ে পড়ে। শুধু তা-ই নয়, এ রাসায়নিক দ্রব্য শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মিশলে মানুষ অচেতন হয়ে যায়। এগুলোর সংরক্ষণ পদ্ধতি আলাদা এবং অত্যন্ত সংবেদনশীল।তদন্ত কমিটির মতামত: তদন্ত প্রতিবেদন হস্তান্তরের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কমিটি ৪৪ জনের সাক্ষ্য নিয়েছে। সেই সঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে তৈরি করা এ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চমাত্রার তাপ সৃষ্টিকারী ও সম্প্রসারণশীল রাসায়নিক দ্রব্যের গুদামের ভেতর বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন আর আঠালো রাসায়নিক দ্রব্য দ্রুত নিমতলীতে ছড়িয়ে পড়ে। জ্বলন্ত রাসায়নিক দ্রব্য ট্রান্সফরমারের নিচে রাস্তায় থাকা মোটরসাইকেলে এসে লাগলে তাতে আগুন ধরে যায়। আগুন এতই তীব্র ছিল যে বাড়ির গ্যাসের পাইপ পুড়ে যায়। নির্গত গ্যাস আগুনের সংস্পর্শে এসে আরও ভয়াবহতার সৃষ্টি করে। মুহূর্তের মধ্যে আগুন দুইটি ট্রান্সফরমারে ছড়িয়ে পড়লে বিকট শব্দে বৈদ্যুতিক স্পার্কের সৃষ্টি হয় এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কমিটির প্রধান ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানের জন্য গ্যাসের চুলায়ও রান্না হচ্ছিল। নিচতলায় আগুন লাগার পর তা চুলার পাইপলাইন দিয়ে চতুর্থ তলায় ছড়িয়ে যায়। বাড়ির পাশেই ছিল একটি ছোট চায়ের দোকান। সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। রাসায়নিকের ধরন: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত পরীক্ষা করে গুদামে রাখা রাসায়নিক দ্রব্যকে এনএন ডাই নাইট্রোসো পেন্টামিথিলিন টেট্রামিন বলে চিহ্নিত করেছে। উচ্চমাত্রার তাপ সৃষ্টিকারী রাসায়নিক দ্রব্যের (কেমিক্যাল) কারণে নিমিষে পুড়ে গেছে সবকিছু। তবে ওই গুদামের ব্যবস্থাপক বলেছেন, সেখানে ছিল মাইক্রোফাইন পিটি, রাবার, কার্বন ব্রাক, ক্যালসিয়াম, চায়না ক্লে ইত্যাদি, যার পরিমাণ ৫০ থেকে ৫২ টন। পিডিবির মতামত: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মতে, অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে হয়নি। অগ্নিকাণ্ডের কারণেই বৈদ্যুতিক ট্রান্সফরমারের ক্ষতি হয়েছে। ঘটনার জন্য দায়ী: এ ধরনের বিপজ্জনক রাসায়নিক দ্রব্য বসতবাড়ির নিচে অবৈধভাবে গুদামজাত করার জন্য ব্যবসায়ী অহিদউল্লাহ মজুমদার এবং বাড়ির মালিক মো. গুলজার, মো. দিদার ও মো. ফারুককে দায়ী করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গতকালই ব্যবসায়ী অহিদউল্লাহ মজুমদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অনুমোদনহীন রাসায়নিক পদার্থের ব্যবসা করার অভিযোগ আনা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা এনায়েত হোসেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেছেন। কমিটির সুপারিশ: তদন্ত কমটির প্রতিবেদনে এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে ১৭ দফা সুপারিশ করা হয়। এর মধ্যে জরুরি ভিত্তিতে আবাসিক এলাকা থেকে গুদাম বা কারখানা সরিয়ে নেওয়া, অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩ ও ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করা, রাসায়নিক দ্রব্যের মজুদ, বাজারজাতকরণ এবং বিক্রির জন্য লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তদারকি প্রক্রিয়া জোরদার করা, আবাসিক এলাকায় রাসায়নিক বা বিস্ফোরক দ্রব্যের মজুদ বা বিপণনের বিরুদ্ধে জনমত গঠন, দ্রুত অগ্নিনির্বাপণের জন্য স্থানীয়ভাবে পৃথক পানির লাইনসহ হাইড্রেন্ট পয়েন্ট স্থাপন, আবাসিক এলাকায় রাসায়নিক বা বিস্ফোরক জাতীয় পদার্থ মজুদকরণ বা বিপণন কঠোরভাবে নিষিদ্ধ করা, বাড়িঘরে ব্যবহূত বৈদ্যুতিক তারের গুণগতমান নিশ্চিত করা, রাস্তায় স্থাপিত খোলা তারের ব্যাপারে সাবধানতা, সম্ভাব্য দুর্ঘটনা পরিহার করতে প্রতি মাসে অন্তত একবার ট্রান্সফরমার সরেজমিনে পরীক্ষা করা, দুর্ঘটনা মোকাবিলায় জাতীয়পর্যায়ে সরকারের বিভিন্ন বিভাগের সমন্বয়ে জাতীয় টাস্কর্ফোস গঠন, রাসায়নিক ও রাসায়নিকজাতীয় দাহ্যবস্তুর আলাদা দপ্তরের পরিবর্তে সব দপ্তরের মধ্যে সমন্বয়, সময়ের চাহিদা অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের অবকাঠামো, জনবল, প্রশিক্ষণ ও সাজসরঞ্জামের আধুনিকায়ন, সচেতনতা বাড়ানো, অগ্নিকাণ্ডের সময় যেন উৎসুক জনতা উদ্ধারকাজে বিঘ্ন ঘটাতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো, পাঠ্যসূচিতে অগ্নিকাণ্ড, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার বিষয় বাধ্যতামূলক করা, ৬২ হাজার কমিউনিটি স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা, কমিউনিটি সেন্টার নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থার আওতায় আনা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ডেকোরেটরের উপকরণের সঙ্গে প্রয়োজনীয়সংখ্যক অগ্নিনির্বাপক যন্ত্র রাখা। জরুরি ভিত্তিতে আবাসিক এলাকা থেকে গুদাম বা কারখানা সরিয়ে নেওয়ার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমরা শিগগির এ ব্যাপারে উদ্যোগ নেব। আবাসিক এলাকায় এ ধরনের কারখানা থাকা কোনোভাবেই ঠিক নয়। আমরা আর প্রাণহানি চাই না।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক আবাসিক এলাকায় রাসায়নিক দ্রব্যের কারখানা স্থাপনের লাইসেন্স দেওয়ার জন্য সিটি করপোরেশনকে দায়ী করেন। প্রসঙ্গত, নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনার পর ৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা ছিলেন, ফায়ার সার্ভিসের পরিচালক মেজর মতিউর রহমান ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার হুমায়ন কবীর। পরে কমিটিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য কে জি রব্বানী ও ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানকে যুক্ত করা হয়েছিল।