রাসায়নিক দ্রব্যাদি মিশিয়ে গুড় তৈরি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আখের ভান্ডার হিসেবে পরিচিত পাঙ্গাসী ইউনিয়ন। ইউনিয়নের প্রায় সব কৃষক আখের চাষের সঙ্গে জড়িত। এবার আখের ফলন হয়েছে বাম্পার। বাজারে গুড়ের দাম বেশি থাকায় কৃষকেরা খুশি। কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী বাড়তি মুনাফার আশায় গুড়ে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে তা নজরকাড়া করে তৈরি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে দেখা গেছে, পাঙ্গাসী ইউনিয়নের শতকরা ৯৫ ভাগ কৃষক আখের চাষ করেন। শুধু পাঙ্গাসী নয়, পাশের নলকা, ঘুড়কা, ব্রহ্মগাছা ও ধানগড়া ইউনিয়নেও ব্যাপকভাবে আখের চাষ হয়। বর্তমানে ওই এলাকায় গেলে দেখা যায় ঘরে ঘরে আখ থেকে গুড় তৈরির ব্যস্ততা। নারী-পুরুষ এমনকি শিশুরা পর্যন্ত এ কাজে ব্যস্ত। এসব এলাকায় ঢুকলে জ্বাল করা আখের রস আর গরম গুড়ের মৌ মৌ গন্ধ সহজেই নাকে এসে লাগে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ক্রেতার কাছে আকর্ষণীয় করে তুলতে এসব গুড়ের সঙ্গে কাপড় ধোয়ার সোডা, হাইড্রোজ এমনকি ক্ষেত্রবিশেষে ইউরিয়া সার পর্যন্ত ব্যবহার করা হয়। এতে গুড়ের রং সাদা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান।পাঙ্গাসী ইউনিয়নের চকনুর গ্রামের নূর মোহাম্মাদ, ওয়াজেদ আলী, আবুল হোসেন, মাজেদ আলী এবং দেউলমুড়া গ্রামের মনসব আলী, আবুল কাসেম ও আবদুল মজিদ প্রায় ১০০ বিঘা জমিতে আখের চাষ করেছেন। তাঁরা আখ থেকে গুড় তৈরি করে লাভবান হয়েছেন বলে জানান। তাঁদের মধ্যে মাজেদ আলী বলেন, ‘গুড় দীর্ঘদিন ঘরে রাখলেও যাতে নষ্ট না হয়, সে জন্য তৈরির সময় আমরা তাতে কিছু জিনিস মেশাই।’ তবে তা শরীরের জন্য ক্ষতিকর কোনো রাসায়নিক দ্রব্য না বলে তিনি দাবি করেন। উপজেলা কৃষি কর্মকর্তা অজিত কুমার সরকার বলেন, ‘ফলন ভালো হওয়ায়, আর বাজারে গুড়ের দাম বেশি থাকায় কৃষকেরা খুশি। কিন্তু আমরাও গুড়ে রাসায়নিক দ্রব্য মেশানোর অভিযোগ পেয়েছি।’ তিনি গুড়ে রাসায়নিক দ্রব্য ব্যবহার না করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।