পুরান ঢাকা থেকে রাসায়নিক দ্রব্যের গুদাম, কারখানা ও দোকান সরানোর সময়সীমা শেষ হচ্ছে আজ
রাসায়নিক দ্রব্যের গুদাম সরানো হয়নি
নিমতলীর নবাব কাটরায় গত ৩ জুন রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকার রাসায়নিক দ্রব্যের গুদাম, দোকান ও কারখানা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও সেগুলো সরানো হয়নি। এগুলো সরানোর জন্য সময়সীমা আজ ১৭ আগস্ট শেষ হচ্ছে।৩ জুন নবাব কাটরার ওই অগ্নিকাণ্ডে ১২৩ জন নিহত হন। আগুনে পুড়ে গিয়েছিল সাতটি বাড়ি ও ১১টি দোকান। এ ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণ একটি গুদামে থাকা রাসায়নিক দ্রব্য। ওই অগ্নিকাণ্ডের পর শিল্প মন্ত্রণালয় দুই মাসের মধ্যে পুরান ঢাকার রাসায়নিক দ্রব্যের গুদাম, দোকান ও কারখানা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। ৪ জুন কোতোয়ালি, লালবাগ, বংশাল ও চকবাজার থানার পুলিশও রাসায়নিক দ্রব্য সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছিল। কিন্তু এসব গুদাম, দোকান, কারখানা না সরানোয় এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে।গতকাল সোমবার নিমতলী, নবাব কাটরা, হোসেনি দালান, বকশীবাজার, মালিটোলা, চকবাজার, মিটফোর্ড ও নাজিমউদ্দিন রোডসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার রাসায়নিক দ্রব্যের গুদাম, কারখানা, দোকানগুলো আগের মতোই আছে। একটিও সরানো হয়নি। ৫ জুন বকশীবাজার ও হোসেনি দালান এলাকায় থাকা রাসায়নিক দ্রব্যের বড় ও মাঝারি ১০টি গুদামের সব কটিকেই গতকাল দেখা গেছে একই অবস্থায়। নাজিমউদ্দিন রোডের একটি গুদাম ভ্রাম্যমাণ আদালত সিলগালা করেছেন। হোসেনি দালানের নাহার কেমিক্যাল ও গাফফার কেমিক্যাল নামের বড় দুটি গুদামের মূল ফটক গুদামমালিক বন্ধ রেখেছেন।হোসেনি দালানের বাসিন্দা ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ গতকাল প্রথম আলোকে বলেন, এলাকার বাড়ির মালিকেরা সবাই এখন সচেতন হয়েছেন। তাঁরা রাসায়নিক দ্রব্য সরিয়ে ফেলতে বলেছেন। কিন্তু ব্যবসায়ীরা এসব সরানোর জন্য সময় চাইছেন।এ প্রসঙ্গে হোসেনি দালানের ৩২-গ নম্বর বাড়ির বাসিন্দা মোহাম্মদ মঈনুল হক বলেন, ‘সময় আর কত? নিমতলীর মতো আরেকটি দুঃখজনক ঘটনা ঘটার পর সরাবে? রাইতে তো একটা মানুষও ভয়ে ঘুমাইতে পারে না।’মজুদ করার অনুমোদন আছে ৪৬টি প্রতিষ্ঠানের: রাসায়নিক দ্রব্য মজুদের লাইসেন্স দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পুরান ঢাকায় ৪৬টি প্রতিষ্ঠানের রাসায়নিক দ্রব্য আমদানি-রপ্তানি ও মজুদ করার অনুমোদন আছে। অধিদপ্তরের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, এগুলো ছাড়া আরও ৭০টি প্রতিষ্ঠানের রাসায়নিক দ্রব্য থেকে পণ্য উৎপাদনের লাইসেন্স আছে।তবে বাংলাদেশ পেইন্ট ডাইস কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম জানান, পুরান ঢাকায় রাসায়নিক দ্রব্যের গুদাম, দোকান ও কারখানার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১০ হাজার। বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জানান, তাঁদের সমিতির সদস্যই আছেন ৬৪০ জন। এ ছাড়া কেবল মিটফোর্ডেই রাসায়নিক দ্রব্যের দোকানমালিক আছেন তিন হাজার ৮৭০ জন।ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই বেশির ভাগের: অতিদাহ্য রাসায়নিক দ্রব্যের ব্যবসা ও তা ব্যবহারের জন্য ফায়ার সার্ভিসের লাইসেন্স নেওয়ার নিয়ম রয়েছে। ফায়ার সার্ভিসের বিধান অনুযায়ী, এসব দ্রব্যের ব্যবহার ও ব্যবসার জন্য প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা থাকতে হবে। তবে আবাসিক এলাকায় রাসায়নিক দ্রব্যের ব্যবসা নিষিদ্ধ। পুরান ঢাকায় মাত্র ৩০টি কারখানা, গুদাম ও দোকানে অগ্নিনির্বাপণের উপকরণ দেখা গেছে। এগুলোর সবই আবাসিক এলাকায়। এ ছাড়া ফায়ার সার্ভিসের লাইসেন্স আছে মাত্র ৩৭টি প্রতিষ্ঠানের।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, জুন মাসে এই বিধান লঙ্ঘনের দায়ে ৩০টি বহুতল ভবন, ৪১টি পোশাকশিল্প কারখানা ও দাহ্য রাসায়নিক দ্রব্য ব্যবহারকারী ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। রাসায়নিক দ্রব্যের গুদাম সরানো প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করা হয়।ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক গতকাল বলেন, ‘আজ (মঙ্গলবার) নির্ধারিত সময় শেষে আমরা রাসায়নিক দ্রব্যের গুদাম, দোকান ও কারখানা সরানোর জন্য প্রস্তুত আছি। তবে এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের লিখিত নির্দেশ এখনো আসেনি।’ব্যবসায়ীদের দাবি: এদিকে গুদাম, দোকান ও কারখানা সরিয়ে নেওয়ার জন্য কয়েকটি দাবি জানিয়েছেন রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীরা। বাংলাদেশ পেইন্ট ডাইস কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘সরকার আমাদের সরে যেতে বলেছে, আমরা বলেছি সরে যাব। কিন্তু এ জন্য আমাদের প্রথমত একটি নীতিমালা করে দিতে হবে। দ্বিতীয়ত আরও সময় দিতে হবে এবং জায়গা ও নিরাপত্তা দিতে হবে।’বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের নিয়ে একটি জাতীয় কমিটির মাধ্যমে নীতিমালা করতে হবে। এ নীতিমালার ভিত্তিতে যৌক্তিক সময় দিতে হবে।এদিকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গতকাল এক বিবৃতিতে পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীদের সরে যাওয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানোর দাবি জানিয়েছে।এ ব্যাপারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, দুই মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তাঁদের চলে যাওয়ার কথা। এ নিয়ে আজ (মঙ্গলবার) শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হবে। তবে অননুমোদিত ব্যবসায়ীদের গুদাম ও দোকান সরানোর দায়িত্ব তাঁদেরই নিতে হবে।