পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য সেখানে গুদামে রাখা রাসায়নিক দ্রব্যকে দায়ী করেছে ঘটনা তদন্তে গঠিত কমিটি। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান ইকবাল খান চৌধুরী মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছেন, তাতে এ কথাই বলা হয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরেন।প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থলের গুদামে রাখা রাসায়নিক দ্রব্যের বিক্রিয়া কিংবা সিঁড়িকোঠায় দীর্ঘসময় ধরে রান্নার কাজ চলাকালে তাতে সৃষ্ট তাপ গুদামে সংরক্ষিত রাসায়নিক দ্রব্যের মধ্যে বিক্রিয়া ঘটালে আগুন লাগে। এজন্য ডাইনাইট্রোসো পেন্টামিথিলিন টেট্রামিন নামক দাহ্য রাসায়নিক পদার্থকে দায়ী করা হয়েছে। আর এ ধরনের বিপজ্জনক পদার্থ বসতবাড়ির নিচে অবৈধভাবে গুদামজাত করার জন্য ব্যবসায়ী অহিদউল্লাহ মজুমদার এবং বাড়ির মালিক মো. গুলজার, মো. দিদার ও মো. ফারুককে দায়ী করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। একই সঙ্গে এমন রাসায়নিক পদার্থ যেন আবাসিক এলাকায় না রাখা হয়, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশও করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনা তদন্ত করতে গিয়ে কমিটি ৪৪ জনের সাক্ষ্য নিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এক কোটি ৬৮ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত প্রতিবেদন হস্তান্তরের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ মঙ্গলবার ব্যবসায়ী অহিদউল্লাহ মজুমদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অনুমোদনহীন রাসায়নিক পদার্থের ব্যবসা করার অভিযোগ আনা হয়েছে।ফায়ার সার্ভিস কর্মকর্তা এনায়েত হোসেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। আজ-ই বিকেল সাড়ে তিনটার দিকে মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদারের আদালতে এ মামলার ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।