রাসায়নিকের আগুন ছুটেছে কামানের গোলার মতো
‘আগুন ধাওয়া করছে আর আমরা দৌড়ে পালাচ্ছি। আগুনের এমন আজব প্রকৃতি আমি জীবনে আর দেখিনি। দেয়াল, লোহার দরজা-জানালা, এমনকি রাস্তার পিচেও আগুন জ্বলেছে।’নিমতলীর নবাব কাটরায় গত বৃহস্পতিবার রাতের সর্বগ্রাসী আগুন নিয়ে এই ভয়ংকর অভিজ্ঞতা আবদুস সালামের। পিঠে ভয়ংকর পোড়া ঘা নিয়ে তিনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। সেখানে চিকিৎসাধীন আরও অনেকের অভিজ্ঞতাও প্রায় একই রকম। প্রত্যক্ষদর্শীরা জানান, রাসায়নিকের গুদামের ভেতরে থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ড্রাম ফেটে রাস্তায় গড়িয়ে পড়া রাসায়নিকের সঙ্গে ছড়িয়ে গেছে আগুন, এ-বাড়ি থেকে ও-বাড়ি। কোনো কোনো বাড়িতে কামানের গোলার মতো উড়ে গিয়ে পড়েছে আগুন।নিমতলীর বাসিন্দা শাহাদত জানালেন, আগুন লাগা পাঁচতলার বাড়ির নিচের তলা গুদাম হিসেবে ভাড়া দেওয়া হয়েছে নবাব কাটরার এক ব্যবসায়ীর কাছে। তবে ওই ব্যবসায়ীর নাম কেউ বলতে পারেননি। আশপাশের লোকজন জানান, গুদামটি মাঝেমধ্যে খোলা হতো। গুদামে কোনো জানালা ছিল না। দরজা বলতে একটি লোহার ঝাঁপ। তবে ঘটনার সময় গুদামের ঝাঁপ খোলা ছিল বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। গুদামে ড্রাম ও বস্তায় করে রাসায়নিক রাখা হয়েছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, যে কারণেই লাগুক, রাসায়নিকের কারণেই আগুন এত দ্রুত ছড়িয়ে ব্যাপক আকার ধারণ করেছে।গৃহবধূ আসমা বললেন, কেমিক্যালের আগুন যে পানি দিলে বেড়ে যায় তা তাঁদের জানা ছিল না। তাঁরা পানি দিতেই আগুন কয়েক গুণ বেড়ে গেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়নের অধ্যাপক এ এইচ এম মাহবুবার রহমান এ প্রসঙ্গে বলেন, সব রাসায়নিকই বিপজ্জনক ও দাহ্য। তরল রাসায়নিক সহজে জ্বলে। এগুলো যেখানে যায়, জ্বলতে থাকে। তিনি বলেন, তিনিও নিজের চোখে আগুন দেখেছেন। তার মনে হয়েছে এ আগুন সাধারণ আগুন নয়। রাসায়নিক না থাকলে আগুন এমন রূপ নেয় না। তিনি বলেন, রাসায়নিকের ড্রামগুলো বিস্ফোরিত হওয়ায় বিকট শব্দ হয়েছে এবং রাসায়নিক দ্রব্য ছড়িয়ে পড়েছে। আগুনের শিখার সঙ্গে রাসায়নিক ছুটে ছুটে যেখানে পড়েছে, সেখানেই আগুন জ্বলেছে। প্রধান বিস্ফোরণ পরিদর্শক খায়রুল বাশার প্রথম আলোকে বলেন, ওই গুদামে কী ধরনের রাসায়নিক ছিল, তা পরীক্ষা না করে বলা যাবে না। আজ একজন পরিদর্শক এটি পরীক্ষা করবেন বলে তিনি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, নবাব কাটরার গুলজার হোসেনের ৪৩/১ পাঁচতলা বাড়িতে বৃহস্পতিবার ছিল বাগদানের (পানচিনি) অনুষ্ঠান। রান্নার কাজ চলছিল রাস্তার ওপরে। যেখানে চুলা করা হয়েছিল, তার ঠিক ওপরেই ছিল পাশাপাশি বসানো বিদ্যুতের দুটি ট্রান্সফরমার। আর বাড়ির নিচের তলায় রাসায়নিক গুদাম।ফায়ার সার্ভিসের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, আগুন প্রথমে লেগেছে গুলজারের পাঁচতলা বাড়িতে। তবে ঠিক কী কারণে আগুন ধরেছে, তা তিনি তৎক্ষণাৎ স্পষ্ট করে বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে কোনোভাবে আগুনের সূত্রপাত হতে পারে। তবে মূল ক্ষয়ক্ষতি হয়েছে গুদামের রাসায়নিকের কারণে। এ ছাড়া পুরোনো কাগজের দোকানগুলোতে কাগজ থেকে আগুন ছড়িয়েছে খুব দ্রুত। অবশ্য প্রথম দিকে আগুনের সূত্রপাত হিসেবে ট্রান্সফরমার বিস্ফোরণের কথা মনে করা হয়েছিল।ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। তবে রাসায়নিক গুদাম আগুনকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। সেখানে রাসায়নিক গুদাম না থাকলে এত প্রাণহানি হতো না।পাঁচতলা বাড়ির তিলতলায় ভাড়া থাকে ফয়সলদের পরিবার। তাঁর বোনের পানচিনি অনুষ্ঠান ছিল ওই দিন। ঘটনার ঠিক আগে ফয়সল বরের আত্মীয়স্বজনকে অভ্যর্থনা জানাতে মূল ফটকে ছিলেন। তিনি জানান, বাড়িটির নিচতলার রাসায়নিক পদার্থের গুদামে হঠাৎ বিকট শব্দ পান। তাকিয়ে দেখেন গুদামে আগুন আর আগুন। কোনো কিছু বোঝার আগেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তোড়ে বাসার ভেতর ঢুকতে না পেরে তিনি নিরাপদ দূরত্বে চলে যান। বাসার ভেতর থেকে চিৎকার আর আহাজারি কানে আসছিল তাঁর। ভেতরে সবাই জ্বলছে আর বাইরে অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলেন ফয়সল। কথা বলতে বলতে বারবার চোখ মুছছিলেন।