রাসায়নিকের গুদাম সরাতে ব্যবসায়ীদের দুই মাস সময়
নিমতলীর অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে পুরান ঢাকার আবাসিক এলাকায় অননুমোদিত রাসায়নিক দ্রব্যের গুদামের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ দুই মাসের মধ্যে ব্যবসায়ীদের বিপজ্জনক রাসায়নিক পদার্থের গুদাম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এর ব্যত্যয় ঘটলে জননিরাপত্তার স্বার্থে আবার সরকারের পক্ষ থেকে অভিযান চালানো হবে।গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর লালবাগে পুরান ঢাকার বিভিন্ন শিল্পমালিক ও ব্যবসায়ীকে নিয়ে এক সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ ঘোষণা দেন।সভায় উপস্থিত ব্যবসায়ীরা টাস্কফোর্সের অভিযান দ্রুত বন্ধ করে গ্রেপ্তার করা ব্যবসায়ীদের জামিন দিতে সরকারের কাছে দাবি জানান। একই সঙ্গে তাঁরা পুরান ঢাকার প্লাস্টিক কারখানা স্থানান্তর করার লক্ষ্যে কেরানীগঞ্জ প্লাস্টিক শিল্পনগর দ্রুত বাস্তবায়নের অনুরোধ করেন। এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে পুরান ঢাকার ব্যবসায়ীদের অগ্নিকাণ্ড নির্বাপণবিষয়ক প্রশিক্ষণ দেওয়ারও সুপারিশ করা হয়।ব্যবসায়ীদের সুপারিশের পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী অভিযান স্থগিত থাকার সময় কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানির শিকার হবেন না বলে আশ্বাস দেন। এ ছাড়া সরকার গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের জামিনের উদ্যোগ নেবে বলেও মন্ত্রী তাঁদের কথা দেন। সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন এবং প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শাহেদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।