রাসায়নিকের ঝুঁকিতে জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ধরনের উচ্চমাত্রার তাপ সৃষ্টিকারী ও অতি দাহ্য রাসায়নিক দ্রব্যের (কেমিক্যাল) কারণে নিমেষে পুড়ে গেছে নিমতলী। সেই সঙ্গে নিয়ে গেছে অন্তত ১১৭ প্রাণ। প্রচণ্ড তাপ সৃষ্টিকারী দাহ্য রাসায়নিক দ্রব্য দুটি হলো টলুইন ডাইআইসোসায়ানেট (টিডিআই) ও মিথাইল ক্লোরাইড (এমসি)। বিভিন্ন সূত্র জানায়, ভবনের মালিক ফারুক হোসেন এই রাসায়নিক দ্রব্য আমদানি করে নিজ বাসভবনের নিচে রেখেছিলেন। তিনি ওই ভবনের চতুর্থ তলায় সপরিবারে বসবাস করতেন। গত বৃহস্পতিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি এবং তাঁর দুই ভাই ছাড়া পরিবারের সবাই মারা গেছেন। ভাড়াটে আর বাগদানের অনুষ্ঠানে আসা অতিথি মিলে ওই বাড়িতে মারা গেছে ৪১ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান তাজমেরী এস এ ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, টিডিআই ও এমসি—দুটি রাসায়নিক দ্রব্যই অত্যন্ত তাপ সৃষ্টিকারী। এগুলো নিজে সরাসরি জ্বলে না। তবে আগুনের কাছে এলে প্রচণ্ড তাপ সৃষ্টি করে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন রাসায়নিক রাখা গুদামের পাশেই রাস্তায় অনুষ্ঠানের রান্না চলছিল। রাতে বৃষ্টি নামলে রান্নার সবকিছু ভবনের ভেতরে গুদামের পাশে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, এ থেকে গুদামের রাসায়নিক তাপের সংস্পর্শে আসে। তাজমেরী এস এ ইসলাম বলেন, যাঁরা এই রাসায়নিক দ্রব্য বাসার নিচে রেখে বসবাস করছিলেন, তাঁরা এর সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ বলতে হবে। অজ্ঞ না হলে এমন রাসায়নিক নিচে রেখে ওপরে নিশ্চিন্তে বসবাস করা সম্ভব নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই রাসায়নিক দ্রব্য বিছানার ফোম ও জুতার সোল তৈরিতে ব্যবহার করা হয়। ফোম তৈরির কারখানার কয়েকজন মালিক জানান, এ রাসায়নিক ভারত, জাপান, জার্মানিসহ কয়েকটি দেশ থেকে আমদানি করা হয়। আগুনলাগা ভবনের মালিক ফারুক হোসেনেরও ফোম ও জুতার সোল তৈরির কারখানা আছে। স্থানীয় লোকজন জানান, ফারুক সম্প্রতি ফোম ও জুতার জন্য অত্যাবশ্যক এই দুটি রাসায়নিক দ্রব্যের ব্যবসা শুরু করেছেন। হোসেনি দালানের একটি গুদামের তত্ত্বাবধায়ক মোর্শেদ আলম ও মোহাম্মদ টিপু বলেন, ফারুক হোসেন নিজের বাসায় রাসায়নিক দ্রব্য রেখেছিলেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। আর সেই ঝুঁকির মারাত্মক পরিণতি ভোগ করতে হয়েছে তাঁর নিজের পরিবার ও প্রতিবেশীদের। তবে তাঁরা বলেন, যাঁদের রাসায়নিক রাখা ও ব্যবহারের অনুমোদন (লাইসেন্স) আছে এবং নিয়ম অনুযায়ী যাঁরা রাসায়নিক সংরক্ষণ করছেন, তাঁরাও ফারুকের মতো একই ঝুঁকিতে আছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পুরান ঢাকার বিরাট অংশ এই রাসায়নিকের ঝুঁকিতে আছে। বিশেষজ্ঞরা জানান, দুটি রাসায়নিক দ্রব্যেরই সংরক্ষণ পদ্ধতি আলাদা ও সংবেদনশীল।আগুনলাগা ওই ভবনের পাশের ৬৯ নম্বর নবাব কাটরার বাসিন্দা আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘কদিন আগেও উনারে (ফারুক) কইছি এই কেমিক্যালের ড্রাম বাসায় উঠাইও না। ফারুক কইছে, পার্টিরে বেইচ্যা দিমু। দুই-তিন দিনে আর কী অইব। এর মইধ্যে বিয়ের অনুষ্ঠান শুরু অইলো। পাক করলো। আর ওই কেমিক্যালে কী কেয়ামত হইয়া গেল!’যাঁরা এই রাসায়নিক দ্রব্য ফোম তৈরিতে ব্যবহার করেন, এমন কয়েকজন বলেন, প্রশিক্ষিত দক্ষ লোক ছাড়া এগুলো নাড়াচাড়া করাও বিপজ্জনক। কিন্তু মোটামুটি সবাই এগুলো অতি সাধারণভাবে রাখছেন। ঢাকায় ফোম ও জুতা তৈরির অন্যতম বড় প্রতিষ্ঠান এপেক্স ফোমের বাণিজ্যিক ব্যবস্থাপক মামুনুর রহমান প্রথম আলোকে বলেন, বিছানার ফোম তৈরি করতে তাঁদের তিন ধরনের কেমিক্যাল প্রয়োজন হয়। এগুলো হচ্ছে টলুইন ডাইআইসোসায়ানেট (টিডিআই), মিথাইল ক্লোরাইড (এমসি) ও পলিউল নামের আরেকটি রাসায়নিক দ্রব্য। তিনি জানান, জুতার সোল তৈরির জন্যও একই রাসায়নিক দ্রব্য ব্যবহূত হয়। মামুনুর রহমান জানান, এই রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করার আগে তাঁদের কর্মচারী ও কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন কর্মশালা করা হয়েছে। কীভাবে সংরক্ষণ করা হবে, ব্যবহারের বিধি নিয়ে বাস্তবভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। না হলে যেকোনো সময় বিপদ ঘটতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্টিলের ড্রামভর্তি এসব রাসায়নিক সংরক্ষণ পদ্ধতিও ভিন্ন। এই ড্রাম রাখার জন্য সম্পূর্ণ আলাদা ঘর লাগবে। ঘরে তিন-চার ইঞ্চি উঁচু বালুর স্তরের ওপর ড্রাম রাখতে হবে। যাতে অসাবধানতায় কখনো রাসায়নিকটি মাটিতে পড়লেও বালু শুষে নেয়। ঘরে বাতাস চলাচলের জায়গা থাকতে হবে। ওই কক্ষে কোনোভাবেই বিদ্যুতের সংযোগ থাকতে পারবে না এবং কক্ষটি থাকবে অন্ধকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের অধ্যাপক এ এইচ এম মাহবুবার রহমান বলেন, টলুইন ডাইআইসোসায়ানেট ও মিথাইল ক্লোরাইড খুবই দাহ্য ও বিষাক্ত রাসায়নিক। তিনি বলেন, এ ধরনের রাসায়নিকে আগুন লাগলে সেগুলো লাভার মতো ছড়িয়ে পড়তে পারে। জানা গেছে, ফারুক হোসেন তিন-চার বছর আগে নবাব কাটরার এই জায়গা কিনেছেন। বছরখানেক হয়েছে তিনি পাঁচতলা ভবন করেছেন। তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরিবারের সবাইকে হারিয়ে তাঁরা জীবিত তিন ভাই এখন দিশেহারা। তবে তাঁর ছোট ভাই দিদারের ফোন নম্বর জোগাড় করে যোগাযোগ করা হলে ফোনটি ধরেন তাঁর আত্মীয় সাবরিনা জামান। তিনি দিদারের মারা যাওয়া স্ত্রী শিল্পীর মেজো ভাইয়ের স্ত্রী। রাসায়নিক রাখার বিষয়ে কথা বলতে দিদারকে চাইলে সাবরিনা বলেন, ‘আগুনের সূত্রপাত তো কেমিক্যাল থেকে হয়নি। নিচে রান্না হচ্ছিল গ্যাসের সংযোগ লাইন থেকে। ওই চুলা থেকে প্রথমে নিচে রাখা মোটরসাইকেলে আগুন লাগে এবং সেটি বিস্ফোরিত হয়। এরপর বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লাগে এবং চারদিকে আগুন ছড়িয়ে যায়।’বাসার নিচে বিপজ্জনক রাসায়নিক রাখার বিষয়ে সাবরিনা জামান বলেন, ‘পুরান ঢাকার এই এলাকায় অনেকেই কেমিক্যালের ব্যবসা করেন। অনেকের বাড়িতে রাসায়নিক রাখা আছে।’গতকাল শনিবার ওই এলাকায় গিয়ে জানা যায়, নিমতলী, হোসেনি দালান, আগা সাদেক রোড এবং সংলগ্ন এলাকার ঝুঁকিপূর্ণ সব রাসায়নিক দ্রব্যের গুদাম খালি করতে মালিকদের নির্দেশ দিয়েছে পুলিশ।রাসায়নিকের আরও গুদাম: এলাকা ঘুরে দেখা গেছে, নিমতলী এলাকায় বড় ও মাঝারি আকৃতির ১০টি রাসায়নিক দ্রব্যের গুদাম রয়েছে। আগুন লাগা বাড়িটির সঙ্গেই আছে কাশ্মীর কেমিক্যাল-এর দোকান। হোসেনি দালান এলাকায় নাহার কেমিক্যাল, গাফফার কেমিক্যাল উল্লেখযোগ্য। গতকাল সন্ধ্যায় নাহার কেমিক্যালে গিয়ে দেখা যায়, ড্রামভর্তি কেমিক্যাল। তত্ত্বাবধায়ক মোহাম্মদ টিপু ও মোর্শেদ আলম দাবি করেন, এগুলো নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা হচ্ছে। স্থানীয়রা জানান, এই তিন সড়কে রয়েছে ১০টি গুদাম। এ ছাড়া প্লাস্টিকের দানা তৈরি ও জুতার নিচের সোল লাগানোর কারখানা আছে প্রায় প্রতি গলিতে। এতেও এই রাসায়নিক দ্রব্যের ব্যবহার রয়েছে।