রাসু হত্যা মামলার দুই আসামি ফের ২ দিনের রিমান্ডে
নাটোরে যুবলীগের কর্মী আবু বক্কর ওরফে রাসু হত্যা মামলায় আসামি রানা (২৬) ও সুমনকে (২৫) ফের দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নাটোরের মুখ্য বিচারিক হাকিম মো. লিয়াকত আলী মোল্লা রিমান্ডের আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, এ হত্যা মামলায় রানা ও সুমনকে তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।আবেদনে বলা হয়, গত তিন দিনের রিমান্ডে আসামিদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। হত্যা কাজে ব্যবহূত পিস্তলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এই পিস্তলটি তারা কার কাছ থেকে সংগ্রহ করেছে তা জানা প্রয়োজন। এটা জানার জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, গত ২৩ মে রাতে শহরের কানাইখালী জেলেপাড়া এলাকায় যুবলীগ কর্মী আবু বক্কর ওরফে রাসুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১ জুন রাতে রানা ও সুমনকে পুলিশ গ্রেপ্তার করে।