রাসেল জনস্টোনের আবেদন
৩১ মার্চ ১৯৭১ রাসেল জনস্টোন ব্রিটিশ কমন্স সভার সদস্য যে বিবৃতি দিয়েছেন—আমরা আতঙ্কের সঙ্গে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক সংকটের বিকাশ পর্যবেক্ষণ করে আসছি। যদিও স্পষ্ট প্রতিবেদন পাওয়া যাচ্ছে না, তবুও সংবাদগুলো অনেক সময় পরস্পরবিরোধী দুটি বিষয় কিন্তু অনস্বীকার্য—প্রথমত, অত্যন্ত স্পষ্টভাবেই সংখ্যাগরিষ্ঠের দাবি পূর্ব পাকিস্তানের জন্য স্বাধীনতা। দ্বিতীয়ত, এই স্বাধীনতা দাবির কারণে পাকিস্তান সরকার তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সেনাবাহনীকে অত্যাচার-নির্যাতনে নিয়োজিত করে—প্রত্যক্ষদর্শীর বিবরণী অনুযায়ী সেনাবাহিনীর নৃশংস ও নির্বিচার বর্বতায় বিপুলসংখ্যক বেসামরিক ব্যক্তি খুন হয়।এ ছাড়া পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক বন্যা (জলোচ্ছ্বাস) বিশ্বব্যাপী ব্যাপক সহানুভূতি জাগিয়েছে; বর্তমান অবস্থায় ত্রাণ সহায়তা অব্যাহত রাখতে না পারলে দুর্গতদের যন্ত্রণা অসহনীয় হয়ে উঠবে। যা ঘটছে তা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার—এ যুক্তিতে ব্রিটেন অনড় দাঁড়িয়ে থাকতে পারে; আমি বিশ্বাস করি না। আমরা প্রত্যক্ষ করছি মন্দের দিক থেকে অসহনীয় বর্বরতা কত মর্মান্তিক হতে পারে আর ভালোর দিক থেকে রাজনৈতিক হিসেবে বড় ভ্রান্তি কেমন করে সব নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। কমনওয়েলথের জ্যেষ্ঠ সদস্য হিসেবে সমাধান খুঁজে পেতে এবং শান্তি প্রতিষ্ঠা করতে ব্রিটেনের সামনে খোলা সব পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ব্রিটেনের ওপরই বর্তায়।