রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সম্প্রতি এক পাপারাজ্জির আইফোন কেড়ে নিয়ে পার্শ্ববর্তী একটি ভবনের জানালায় ছুড়ে ফেলার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স পুলিশের পক্ষ থেকে রাসেলের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নিউ অরলিন্স পুলিশ ডিপার্টমেন্টের বরাতে সাম্প্রতিক এক খবরে টিএমজি জানিয়েছে, সম্পত্তি বিনষ্টের অভিযোগে দায়েরকৃত অপরাধ মামলায় গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়েছে রাসেল ব্র্যান্ডকে। রাসেলের বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি রাসেল একজন পাপারাজ্জির আইফোন কেড়ে নিয়ে সেটা সজোরে নিক্ষেপ করেন পার্শ্ববর্তী একটি ল ফার্মের জানালায়। এতে জানালাটি ক্ষতিগ্রস্ত হয়। এর পরপরই ওই পাপারাজ্জি মামলা ঠুকে দেন রাসেলের নামে। মামলার বিষয়টি জানার পর রাসেলের পক্ষ থেকে ওই ল ফার্মের সঙ্গে যোগাযোগ করে বলা হয়, জানালা মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ দিতে রাজি আছেন তিনি।এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন রাসেল ব্র্যান্ড। মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে রাসেলের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো রকম মন্তব্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন।