রাস্তা আটকে, স্কুল ছুটি দিয়ে পূরণ হলো সংবর্ধনা-বিলাস
মাদারীপুরের কালকিনি থানা মোড় থেকে ভূরঘাটা পর্যন্ত তিন কিলোমিটার সড়কে যানবাহন চলাচল বন্ধ। সড়কের দুই প্রান্তে আটকে আছে প্রায় আড়াই শ যানবাহন। ভূরঘাটা প্রান্তে যান চলাচল শুরুর অপেক্ষায় ভ্যানচালক আসলাম। ক্ষুব্ধ হয়ে বলছিলেন তিনি, ‘এক বিয়াল ভ্যান চালাইলে দেড়-দুই শ টাকা পাইতাম। এই পর্যন্ত আইয়া আটকা পড়ছি। যোগাযোগমন্ত্রী আইয়া যোগাযোগ বন্ধ হোইল।’ গতকাল রোববার মাদারীপুর-৩ আসনের সাংসদ ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সংবর্ধনা উপলক্ষে পুলিশ সড়কটি বন্ধ করে দিলে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আসলামের মতো বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দুর্ভোগে পড়ে। হেঁটে পার হতে হয় সড়কটি।সংবর্ধনাস্থল কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে কথা হয় কালকিনি পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সাইমুন ইসলামের সঙ্গে। জানাল, ‘আমাদের একটি ক্লাস হয়েছে। তারপর প্রধান শিক্ষক আমাদের এখানে এসেছেন। আমরা মন্ত্রীকে অভিনন্দন জানাতে এসেছি।’সংবর্ধনা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ না করার ব্যাপারে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেও যোগাযোগমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে কালকিনি উপজেলা সদর ও এর পাশের কয়েক শ শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল অঘোষিত ছুটি। সংবর্ধনা অনুষ্ঠানে ১০ থেকে ১৫ হাজার শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিল।এভাবে সড়ক বন্ধ রেখে, শিক্ষক-শিক্ষার্থীদের এনে যোগাযোগমন্ত্রীর সংবর্ধনা শেষ হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। এরপর চলে ঢাকা থেকে আসা জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে দুই দিন ধরে সংবর্ধনা উপলক্ষে দুই লাখ পোস্টার, নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের জন্য তিনটি ট্রান্সফরমার স্থাপন, অর্ধশতাধিক তোরণ নির্মাণ, বিভিন্ন স্থাপনা ও গাছে গাছে আলোকসজ্জা, ডিজিটাল ব্যানার, ভূরিভোজসহ নানা খাতে ব্যয় করা হয় প্রায় কোটি টাকা। এভাবে পূরণ হয় প্রায় কোটি টাকার সংবর্ধনা-বিলাস।যান চলাচল বন্ধ: মন্ত্রীর আগমন উপলক্ষে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কালকিনির ভূরঘাটা-মোল্লাহাট ও ভূরঘাটা-সমিতিরহাট সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। হেঁটে সড়ক পার হতে বেশি ভোগান্তি পোহাতে হয় শিশু-বৃদ্ধ ও নারীদের। পথচারী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের রাবেয়া বেগম (৬০) বলেন, ‘আমি অনুষ্ঠানে আহি নাই। মাইয়ার বাড়ি থাইক্যা বেড়াইয়া নিজ বাড়িতে যাইতাছিলাম। ভূরঘাটারতোন হাঁটা ধরছি। বাজারে গিয়া যদি ভ্যান পাই তয়লে বাঁচি।’ খাসেরহাট এলাকার তানিয়া আক্তার (২০) বলেন, ‘মাদারীপুরে খালার বাসায় গেছিলাম। ভূরঘাটা আইসা হুনি গাড়ি আর যাবে না। ১২ মাইল দূরে বাড়ি। কেমনে বাড়িতে যাব তাই ভাবতাছি।’এ ব্যাপারে সড়কে দায়িত্বরত হাবিলদার শাহাদাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় এসেছেন, তাই রাস্তা বন্ধ। তিনি চলে গেলে রাস্তা ছেড়ে দেওয়া হবে।’শিক্ষাপ্রতিষ্ঠানে অঘোষিত ছুটি: যোগাযোগমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে উপজেলা সদর ও এর পার্শ্ববর্তী কয়েক শ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। শিক্ষকদের নেতৃত্বে একের পর এক মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠানস্থলে আসতে থাকে।উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মন্ত্রীকে অভিনন্দন জানাতে সকাল থেকেই কলেজ মাঠে জড়ো হয়। দুপুর ১২টার দিকে কথা হয় ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাজাহানের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা শিক্ষকেরাই এখানে মিছিল নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে ৬-৭ শ লোক রয়েছে।’ এর কিছুক্ষণ পরই প্রধান শিক্ষকের নেতৃত্বে শোভাযাত্রা নিয়ে আসে কালকিনি পাইলট বালক উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘একটা পর্যন্ত ক্লাস নিয়ে চলে এসেছি, মন্ত্রী আসবেন তো, তাই ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি।’বিদ্যালয় ছুটি ঘোষণার ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘যেসব স্কুলের প্রাথমিক সমাপনী পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে কেবল তাদের আসতে বলা হয়েছে। অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে বলা হয়নি।সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন সরকার জানান, ‘অনুষ্ঠানে আসার নির্দেশ আছে, কিন্তু মিছিল বা শোভাযাত্রা নিয়ে আসার নির্দেশ নেই।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিত্ রায় প্রথম আলোকে বলেন, ‘আমি কাউকে নির্দেশ দিইনি। তারা কিসের জন্য আসছে, আমি জানি না।’‘এমন আরও ২০টি সমাবেশ করা হবে’: ‘এই সংবর্ধনা অনুষ্ঠানই শেষ নয়, এলাকায় এমন আরও ২০টি সমাবেশ করা হবে। প্রতিটি ইউনিয়নেই একটি করে জনসমাবেশের আয়োজন করা হবে।’ সংবর্ধনা অনুষ্ঠানে এমনই ঘোষণা দিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। যোগাযোগমন্ত্রী বলেন, ‘এলাকায় সংবর্ধনার আয়োজনে আমি খুশি হয়েছি। তবে এত খরচ করে আয়োজন না করলেও পারত আমার নেতা-কর্মীরা। আমি তাতে বেশি খুশি হতাম।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, দলের উপজেলা সহসভাপতি খায়রুল আলম, পৌর সভাপতি দেলোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি খালিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শশী কুমার সিংহ, পুলিশ সুপার এম খুরশীদ হোসেন, সড়ক ও জনপথ অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজ্জাক, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত কালকিনির নাসিরের পরিবারসহ একটি প্রতিবন্ধী পরিবার ও দুস্থ মুক্তিযোদ্ধাদের মোট দেড় লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। দুস্থদের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র।এ সংবর্ধনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে গতকাল সকাল থেকেই ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। অনুষ্ঠানে শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মী, সাংস্কৃতিককর্মীসহ বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়।