রাস্তা ও বাঁধ উঁচু করতে ১৮ হাজার কোটি টাকা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সড়ক ও রেলপথ এবং বাঁধ উঁচু করতে নতুন করে ২৬৭ কোটি ডলার বা ১৮ হাজার ৬৯০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। উঁচু করতে হবে ২৬ হাজার কিলোমিটার বিভিন্ন মানের সড়ক, ৬০৩ কিলোমিটার রেললাইন এবং পাঁচ কিলোমিটার বাঁধ। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে কম উচ্চতায় অবস্থানের জন্য বৃষ্টির মৌসুমে এখনই দেশের ২১ শতাংশ জায়গা ডুবে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে এখানে বন্যার প্রকোপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে করে দেশের অর্ধেক রাস্তাঘাট, কৃষিজমি ও বাঁধ ডুবে যেতে পারে। এ কারণে বিদ্যমান এসব অবকাঠামো সচল রাখতে উঁচু করতে হবে। সব ধরনের আবহাওয়ায় যাতে টিকে থাকতে পারে, সে ব্যবস্থা করতে হবে।বিশ্বব্যাংকের অর্থায়নে দেশের শীর্ষস্থানীয় বন্যা, জলবায়ু ও অবকাঠামো বিশেষজ্ঞদের সমন্বয়ে তৈরি একটি গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বাংলাদেশে আবহাওয়া খাপ খাওয়ানো অবকাঠামো (ক্লাইমেট প্রুফিং ইনফ্রাস্ট্রাকচার ইন বাংলাদেশ) নামের এই প্রতিবেদন চলতি মাসেই বিশ্বব্যাংক প্রকাশ করেছে। প্রতিবেদনটির সঙ্গে যুক্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, সমীক্ষাটির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বন্যা এলাকা কী পরিমাণে বাড়বে, তার একটি পূর্বাভাস এবং এর ফলে কী ধরনের অবকাঠামো নির্মাণ করতে হবে, সে কথা বলা হয়েছে। এই সমীক্ষার ফলাফল আরও পর্যালোচনা করে সরকারের অভিযোজন পরিকল্পনায় যুক্ত করা উচিত বলেও মনে করেন তিনি। গবেষণা অনুযায়ী, বিপুল পরিমাণ বিনিয়োগের বেশির ভাগই করতে হবে সড়কগুলো উঁচু করতে। এর পরিমাণ ২৬ হাজার ৪০২ কিলোমিটার এবং এতে ব্যয় হবে ২১২ কোটি ডলার বা ১৪ হাজার ৮৫৬ কোটি টাকা। এর মধ্যে জাতীয় ও আঞ্চলিক সড়ক মাত্র ১২ শতাংশ। বাকি ৮৮ শতাংশই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন রাস্তাঘাট। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ২১ জেলায় ৮০০ কিলোমিটার রাস্তা উঁচু করার জন্য ইতিমধ্যেই একটি প্রকল্প নেওয়া হয়েছে। চলতি বছরেই এই প্রকল্পের কাজ শুরু হবে। এতে ব্যয় হবে ১০ কোটি ৮০ লাখ ডলার বা ৭৫৬ কোটি টাকা। এই প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ছয় কোটি ডলার বা ৪২০ কোটি টাকা ঋণ দেবে। জার্মান উন্নয়ন ব্যাংক কেডব্লিউএফ অনুদান হিসেবে দেবে আরও এক কোটি ৩০ লাখ ইউরো বা ১২৬ কোটি টাকা। জানা গেছে, সব ধরনের আবহাওয়ায় বাংলাদেশে সচল রাস্তার পরিমাণ পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় কম। ভারতে এর পরিমাণ ৬১ শতাংশ, পাকিস্তানে ৬০ শতাংশ। আর বাংলাদেশে মাত্র ৩৭ শতাংশ। ফলে জলবায়ু পরিবর্তনে যদি বন্যার প্রকোপ বেড়ে যায়, তাহলে এসব সচল অবকাঠামোকেও আর রক্ষা করা যাবে না। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের সড়কগুলোর পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই, রয়েছে অপ্রতুল কালভার্ট ও রেগুলেটর। বন্যার সময় রাস্তার কারণে যাতে পানি চলাচল বাধাগ্রস্ত না হয়, সে জন্য বেশি কালভার্ট ও রেগুলেটর নির্মাণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কেননা, জলবায়ু পরিবর্তনের কারণে বেশি বৃষ্টিপাত হয়ে পানির উচ্চতা এক মিটার বাড়লে অতিরিক্ত সাত হাজার ৭৩৬ কিলোমিটার এলাকা প্লাবিত হবে। তাই এ সময়ে যাতে পানি দ্রুত নেমে যেতে পারে, সে জন্য নতুন করে আরও ৭৭৫টি পানি নিষ্কাশন কাঠামো গড়ে তুলতে হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৬০ লাখ ডলার বা এক হাজার ১৬২ কোটি টাকা। প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রায় ৬০৩ কিলোমিটার রেললাইনকে দশমিক ১ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু করতে হবে। এর মধ্যে মিটারগেজ ১৭৩ কিলোমিটার, ব্রডগেজ ২০৫ কিলোমিটার এবং ডবল গেজ ২২৪ কিলোমিটার। এসব লাইনকে উঁচু করতে ব্যয় করতে হবে দুই কোটি ৭০ লাখ ডলার বা ১৮৯ কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে, দেশে বর্তমানে প্রায় নয় হাজার ৯৪৩ কিলোমিটার বাঁধ, পাঁচ হাজার ১১১ কিলোমিটার নিষ্কাশন খাল এবং ১৩ হাজার ৯৪৯টি পানির প্রবাহ নিয়ন্ত্রণের রেগুলেটর রয়েছে। বিশ্বব্যাংকের এই প্রতিবেদন অনুযায়ী, দেশের বিদ্যমান বাঁধের মধ্যে পাঁচ হাজার ৮৮ কিলোমিটার নানা মাত্রায় উঁচু করতে হবে। এতে খরচ হবে নয় কোটি ৬০ লাখ ডলার বা ৬৭২ কোটি টাকা। দেশের উপকূলীয় অঞ্চলে ১২৩টি কোস্টাল পোল্ডার (উপকূলীয় বেড়িবাঁধ) আছে। উপকূলীয় বন্যা ও লবণাক্ততা প্রতিরোধে এগুলো তৈরি করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাতে লবণাক্ত পানি প্রবেশ করতে না পারে, সে জন্য অতিরিক্ত এক হাজার ৪৭৫টি ভেন্ট (ভেন্ট হচ্ছে পোল্ডারের মধ্যে একটি বিশেষ প্রণালি, যা দিয়ে সমুদ্রের পানি ঢুকলেও পরে তা আবার বেরিয়ে যায়) তৈরি করতে হবে। এত ব্যয় হবে ৪২ কোটি ১৪ লাখ ডলার বা এক হাজার ৯৬০ কোটি টাকা। জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) সদস্য আহসান উদ্দিন আহমেদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, দেশের অনেক এলাকায় নদীর গতি-প্রকৃতিকে বিবেচনা না করে অতীতে অনেক রাস্তা ও বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। অনেক জায়গায় নতুন অবকাঠামো নির্মাণের বদলে নদীর প্রবাহ ঠিক রাখা ও জলাবদ্ধতা দূর করতে রাস্তা কেটে ফেলতে হবে। পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে অনেক স্থানে স্লুইসগেটগুলো ঠিক করতে হবে। সব ক্ষেত্রে অবকাঠামো উঁচু করার দরকার নেই। বিদ্যমান অবকাঠামোগুলোকে সঠিক ব্যবস্থাপনা ও মেরামত করে অতিরিক্ত বন্যা মোকাবিলা সম্ভব। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের সমীক্ষার চেয়ে খরচ আরও কম পড়বে।আহসান উদ্দিন আহমেদ আরও বলেন, সামগ্রিক পরিকল্পনা ছাড়া অবকাঠমো উঁচু করতে গেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভবদহ, বিল ডাকাতিয়ার মতো জলাবদ্ধতা অন্য এলাকায় তৈরি হতে পারে। বন্যার আশঙ্কার নামে বিপুল অর্থের অপচয় হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।