রাস্তা কোনা আর পাকা না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোট আইলে রাস্তা কোনা পাকা করবার চায়। রাস্তায় দেখা হইলে সালাম-কালামও দেয়। কিন্তুক ভোট নিয়া ক্ষমতায় গিয়া সব ভুলি যায়। রাস্তা কোনা আর পাকা না হয়।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন তারাগঞ্জ উপজেলার দোলাপাড়া গ্রামের মহুবার হোসেন (৪৫)। তাঁর সঙ্গে সুর মিলিয়ে ওই গ্রামের দিনমজুর মহরম আলী (৪০) বলেন, ‘রাস্তা কোনা পাকা বানবার জন্য দুইবার নাঙ্গলত, একবার নৌকাত ভোট দিছিনো। কিন্তু পাকা রাস্তা হয় নাই। কারে ভোট দিলে রাস্তাটা পাকা হইবে বুঝবার পাইছি না।’ তারাগঞ্জের ইকরচালী ইউনিয়নের দোলাপাড়া থেকে হাড়িয়ারকুঠি ইউনিয়নের ফেলকির বাজার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় সাত গ্রামের ১০ হাজারেরও বেশি মানুষ দুর্ভোগে আছে। এলাকার মানুষের অভিযোগ, বর্ষা এলেই তারা একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়ে। কাদার কারণে রাস্তায় তখন রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ কোনো যানবাহনই চলে না। এমনকি ওই সময় হেঁটে চলাও দুষ্কর। গ্রামের ছাত্রছাত্রীরাও আর শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চায় না। কৃষকেরাও তাঁদের ফসল সহজে বাজারে নিয়ে যেতে পারেন না। ফেলকির বাজার গ্রামের কৃষক নাইমুল ইসলাম (৪৮) বলেন, ‘আবাদ করি লাভ নাই। হাট-বাজারত নিয়া যাওয়া যায় না। বর্ষার সময় আদ হাঁটু কাদার জন্য এদি রিকশা-ভ্যান কিছুই চলে না। গ্রামত কম দামে ধান, পাট বেচবার নাগে।’ উত্তরপাড়া গ্রামের রহমত আলী (২৮) বলেন, ‘চা, বিড়ি খেয়া হামরা আর ভোট দিমো না, ভালো মানুষ দেখি ভোট দেম। যায় হামার রাস্তা কোনা পাকা করবার পারবে, তার মার্কায় হামরা আগামী ভোটত সিল মারমো।’ ইকরচালী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান, রাস্তাটি পাকা হলে সাত গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াত সহজ হবে। অবহেলিত এ গ্রামগুলোর আর্থিক, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। উপজেলার চেয়ারম্যান নুরুন্নবী দুলাল বলেন, ‘আমি জানি রাস্তাটা পাকা হওয়া খুবই প্রয়োজন। সে জন্য চেষ্টা করা হচ্ছে। দেখি কী করা যায়।’উপজেলা প্রকৌশলী মজিবার রহমান বলেন, এ রাস্তাটির মতো বেশ কিছু গুরুত্বপুর্ণ রাস্তা রয়েছে, যেগুলোর অবস্থা খুব খারাপ। বরাদ্দ পেলে পর্যায়ক্রমে এগুলো পাকা করা হবে।