রাস্তা খোঁড়াখুঁড়ি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০০ কিলোমিটার রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ওয়ারী, নারিন্দা, স্বামীবাগ, গোলাপবাগসহ রাজধানীর একটি বড় অঞ্চলের লাখ লাখ মানুষ তীব্র দুর্ভোগের শিকার। একই কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে এসব এলাকায় চলাচলকারী শত শত যানবাহন।গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতু বরাবর সেবা লাইন (পানি, পয়োনিষ্কাশন, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি) সরানোর নামে চারটি সেবা সংস্থা যতটুকু রাস্তা খোঁড়ার কথা, তার চেয়ে বেশি অংশ খুঁড়ে জনদুর্ভোগ বাড়িয়েছে। রাস্তা খোঁড়াখুঁড়িতে সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও উপযুক্ত তদারকি না থাকায় এই বর্ষা মৌসুমে একধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ওয়ারী ও আশপাশের এলাকায় প্রায় এক হাজার টেলিফোন অচল হয়ে গেছে ।রাস্তাগুলো খুঁড়ছে ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, উড়ালসেতুটির দৈর্ঘ্য ১০ কিলোমিটার হলেও বিভিন্ন সংস্থা রাস্তা খুঁড়েছে প্রায় ১০০ কিলোমিটার। তিনি গতকালও এলাকা পরিদর্শন করেছেন জানিয়ে বলেন, একেকটি রাস্তা একবার সোজা করে খুঁড়ে, আবার শাখা-প্রশাখা মেলে খোঁড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। একই রাস্তায় একটি সংস্থা তিন জায়গায়ও খুঁড়েছে। অন্য সংস্থা সেই রাস্তা আবার খুঁড়েছে— এমন উদাহরণও রয়েছে।ওয়ারী এলাকায় ৫০ বছর ধরে বসবাস করছেন আবদুল্লা আল মামুন। তীব্র ক্ষোভ জানিয়ে তিনি বলেন, রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে এমন কষ্ট তিনি আগে কখনো পাননি। তাঁর নাতি গর্তে পড়ে আহত হয়েছে। চোখের সামনে রিকশা-অটোরিকশা উল্টে যেতে দেখেছেন।ওয়ারীর বাসিন্দা তানভীর হোসেন বলেন, মেয়েকে আইডিয়াল স্কুলে নিয়ে যেতে রীতিমতো যুদ্ধ করে তাঁকে পথ পাড়ি দিতে হচ্ছে। ওয়ারী থেকে কোনো রিকশা মতিঝিল যেতে চায় না।বর্তমানে স্বামীবাগ মিতালী স্কুলের কাছে রাস্তা খোঁড়া হচ্ছে। খোঁড়া মাটি এলোপাতাড়িভাবে রাখায় স্কুলের গলিসহ আশপাশের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। পুরো উড়ালসেতু এলাকায় খোঁড়া রাস্তার কারণে ভারী যানবাহন যখন-তখন উল্টে যাওয়ার ঘটনা ঘটছে। কয়েক দিন আগে যাত্রাবাড়ীর কাছে ডেমরা রোডে তিতাসের খোঁড়া রাস্তায় একটি ট্রাক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরিবহন বাস পড়ে যায়। এতে অনেকেই আঘাত পান। ৫ জুলাই হাটখোলায় রাজধানী মার্কেটের বিপরীত দিকে ডিপিডিসির খোঁড়া রাস্তার বিশাল গর্তে সিমেন্টবাহী কাভার্ড ভ্যান পড়ে যায়। ক্রেন এনে সেই ভ্যান উদ্ধার করতে ২৮ ঘণ্টা সময় লাগে।পুরো এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজট হচ্ছে। অনেক যাত্রীবাহী বাস এই পথে চলাচল বন্ধ করে দিয়ে কমলাপুর ও জনপথ ধরে সায়েদাবাদ যাচ্ছে। এ ছাড়া দূরপাল্লার যাত্রীরা মহাদুর্ভোগে পড়েছেন। টিকাটুলীর বাসিন্দা আবদুর রউফ জানান, গত বৃহস্পতিবার সায়েদাবাদ থেকে কাঁচপুর যেতে তাঁর আড়াই ঘণ্টা লেগেছে।বর্ষাকালে রাস্তা খোঁড়ার অনুমতি দেওয়া হয়েছে কেন, এমন প্রশ্নের উত্তরে ডিসিসি দক্ষিণের প্রধান প্রকৌশলী বলেন, ‘সংস্থাগুলোকে বলেছিলাম ৩১ মের মধ্যে কাজ শেষ করতে। শেষ দূরে থাক, তারা কাজ ধরেওনি।’দুই বছর আগেই খোঁড়ার কাজ করার কথা: ১০ কিলোমিটার দৈর্ঘ্যের গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতু নির্মাণ শুরু হয় ২০১০ সালের জুলাইয়ে। প্রকল্পচুক্তি ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চারটি সেবা সংস্থা ওই বছরের ডিসেম্বরের মধ্যে উড়ালসেতু বরাবর বিভিন্ন সংস্থার লাইন সরানোর কথা। কিন্তু সেই কাজ তারা শুরু করেছে প্রায় দুই বছর পর গত ১৪ জুন।এদিকে সেবা সংস্থাগুলো গতকাল ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক করে খোঁড়াখুঁড়ির জন্য আগামী ১৫ আগস্ট পর্যন্ত আরও সময় চেয়েছে। এর আগে ১২ জুলাই তিতাস চিঠি দিয়ে সময় বাড়ানোর আবেদন জানায়। ডিসিসির (দক্ষিণ) প্রধান প্রকৌশলী বরাবর তিতাসের উপমহাব্যবস্থাপকের দেওয়া চিঠিতে বলা হয়, বিভিন্ন কারণে প্রকল্পের কাজ শেষ হচ্ছে না। কাজটি শেষ হতে আরও প্রায় এক মাস প্রয়োজন। এ জন্য ১৪ আগস্ট পর্যন্ত সময় চাওয়া হয়েছে। এর আগে সব সংস্থার জন্য দুই দফা সময় বাড়ানো হয়েছিল। ডিসিসি সূত্র জানায়, চারটি সংস্থা ছাড়াও উড়ালসেতু বরাবর লাইন সরানো বাবদ শুরুতে ব্যয়ের মোট চাহিদা দাখিল করা হয় ৩৬৪ কোটি ৩৯ লাখ টাকা। যার মধ্যে ওয়াসার ২৪১ কোটি ৩০ লাখ, বিটিসিএলের ৩৩ কোটি ২৮ লাখ, ডিপিডিসির ৪৩ কোটি ২৮ লাখ এবং তিতাস গ্যাসের প্রায় ১১ কোটি ৯৩ লাখ টাকা। এই বিশাল ব্যয় নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে প্রশ্ন ও কৌতূহল দেখা দেয়। প্রথমে এই বিশাল অঙ্কের টাকার অনুমোদন দেওয়া হয়নি। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাদের এই ব্যয় নেমে আসে ৯২ কোটি ৬০ লাখ টাকায়।দক্ষিণ ডিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার প্রকল্পের পরিচালক মো. আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, সড়ক খননের কারণে সৃষ্ট মাটি ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিয়ে বালু দিয়ে ভরাট করে ইটের সলিং করে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু সংস্থাগুলো সে দায়িত্ব পালন না করায় জনদুর্ভোগ তীব্র হয়েছে। ৩৫ কোটি টাকা মওকুফ: প্রধান প্রকৌশলী জানান, রাস্তা কাটা বাবদ সেবা সংস্থাগুলোর যে খরচ দেওয়ার কথা, ডিসিসি সেটাও মওকুফ করে দিয়েছে, যাতে সংস্থাগুলো কাজ শেষ করতে গড়িমসি না করে। প্রতি মিটার রাস্তা কাটার জন্য সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা জমা দেওয়ার নিয়ম রয়েছে। এই হিসাবে রাস্তা খনন বাবদ ৩৫ কোটি টাকা বেঁচে যায় সংস্থাগুলোর।যেহেতু রাস্তা খনন বাবদ টাকা দিতে হচ্ছে না, তাই উড়ালসেতু এলাকার বাইরেও বিভিন্ন সংস্থা রাস্তা খোঁড়াখুঁড়ি শুরু করে। সরেজমিনে দেখা যায়, ডিপিডিসি নারিন্দা থেকে ওয়ারী, বলধা গার্ডেন, জয়কালী মন্দির রোড, হাটখোলা, অভয় দাস লেন, গোপীবাগ পর্যন্ত রাস্তা খুঁড়েছে। এই খোঁড়াখুঁড়ি মানিকনগর বিদ্যুৎ উপকেন্দ্র পর্যন্ত গিয়ে শেষ হবে।ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, প্রয়োজন বলেই নারিন্দা থেকে মানিকনগর পর্যন্ত ১৩২ কেভি লাইন নিতে মূল রাস্তার প্রায় আড়াই কিলোমিটার অংশ খুঁড়তে হয়েছে। তিনি দাবি করেন, শুরুতে সমস্যা হলেও এখন বেশির ভাগ খোঁড়া রাস্তা ভরাট করে দেওয়া হয়েছে। ১০ আগস্টের মধ্যে কাজ শেষ করা যাবে বলে তিনি জানান। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, ওয়াসা দ্রুত সময়ে কাজ শেষ করছে।তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজ খান বলেন, ডিসিসি উড়ালসেতু এলাকার মানচিত্র সরবরাহ না করায় তাঁদের কাজে সমস্যা হয়। নিজেদেরই মানচিত্র তৈরি করে কাজ শুরু করতে হয়।যোগাযোগমন্ত্রীর পরিদর্শন: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের যানজট পরিস্থিতি দেখতে গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত যান। যাত্রাবাড়ী এলাকায় নির্মাণাধীন উড়ালসেতু এলাকায় বাসিন্দারা মন্ত্রীকে পেয়ে নিজেদের দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে ডিসিসি দক্ষিণের প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে দ্রুত সময়ে উড়ালসেতু এলাকার রাস্তাঘাট মেরামতের নির্দেশ দেন। প্রধান প্রকৌশলী তাঁকে জানান, ঈদের আগেই এই সড়ক যানবাহন চলাচলের উপযোগী করার জন্য চেষ্টা করা হচ্ছে।