রাস্তা দখল করে ট্রাক ও টেম্পোস্ট্যান্ড
নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ কিছু জায়গা গত কয়েক মাসে বেদখল হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের সহযোগীরা রাস্তা দখল করে ট্রাকস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, বেবিট্যাক্সিস্ট্যান্ড করেছেন, বাজার বসিয়েছেন।জানতে চাইলে নাসিম ওসমান বলেন, শহর থেকে অবৈধ স্ট্যান্ড সরানোর দায়িত্ব ছিল পৌর মেয়রের। তিনি তাঁর দায়িত্ব পালন করেননি, শুধু বাণিজ্য করেছেন।নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বলছেন, প্রশাসকের নিয়ন্ত্রণে থাকা সিটি করপোরেশন চলছে ঢিমেতালে। নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বী প্রথম আলোকে বলেন, পৌরসভায় যখন নির্বাচিত মেয়র ছিলেন তখন ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন সনদ, মৃত্যুসনদ ইত্যাদির জন্য ওয়ান স্টপ সার্ভিস ছিল। মানুষ পৌরসভায় বসে থেকে কাজ সারতে পারত। এখন দু-তিন দিন সময় লাগছে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুদ্দীন নুরী নির্বাচনের আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে করপোরেশনের অন্য কর্মকর্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ কামাল অতিরিক্ত দায়িত্বে প্রশাসক হিসেবে এসেছেন। তিনি শুক্র ও শনিবার নারায়ণগঞ্জে আসেন। তাই কাজ জমে যায়।সদ্যবিলুপ্ত পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জের ব্যস্ততম এলাকা নিতাইগঞ্জে রাস্তার ওপর ট্রাক থামিয়ে মালামাল ওঠানো-নামানো হতো। চার বছরের চেষ্টায় এবং প্রশাসনের সহযোগিতায় জায়গাটি দখলমুক্ত করা হয়েছিল। সেটি আবার দুষ্কৃতকারীদের দখলে চলে গেছে। প্রতিবাদ করায় আমার গায়ের ওপর ট্রাক চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। নিতাইগঞ্জে আমরা অবস্থান ধর্মঘট করেছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি।’খোঁজ নিয়ে জানা যায়, শহরের রাইফেলস প্লাজার সামনেও অবৈধভাবে একটি টেম্পোস্ট্যান্ড করা হয়েছে, তোলারাম কলেজের সামনে বেবিট্যাক্সিস্ট্যান্ড করা হয়েছে। নিতাইগঞ্জ ট্রাকস্ট্যান্ডটি নিয়ন্ত্রণ করছেন জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক এবং জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাজি রিপন।নিতাইগঞ্জের প্রধান সড়কের এক পাশে পৌরসভা কার্যালয়, অন্য পাশে থানা। মাঝখানে এক কিলোমিটার রাস্তায় কী করে ট্রাক দাঁড়ানো থাকে, জানতে চাইলে পৌরসভার একজন পদস্থ কর্মকর্তা বলেন, ট্রাকস্ট্যান্ডের শ্রমিকদের সরে যেতে বলায় পুলিশ সুপারের গাড়িচালককে ও পৌরসভার কর্মীদের মার খেতে হয়েছে। নির্বাচনের আগে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।তবে হাজি রিপন অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা ট্রাকস্ট্যান্ড থেকে ১০ টাকাও চাঁদা তোলেন না। চাঁদা তোলে পৌরসভা। মাল ওঠানো-নামানোর জায়গা নেই বলেই রাস্তায় ট্রাক দাঁড়ায়। প্রশাসন ট্রাক রাখার জায়গা দিলেই রাস্তা ফাঁকা হয়ে যাবে। মেয়র না থাকায় শুধু যে রাস্তা দখল করে ট্রাকস্ট্যান্ড হয়েছে তা-ই নয়, নারায়ণগঞ্জ ক্লাবের পেছনের গুরুত্বপূর্ণ রাস্তা মীর জুমলা সড়কে অবৈধ বাজার বসেছে। মীর জুমলা সড়কে দ্বিগুবাবুর বাজার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কাঁচামালের সবচেয়ে বড় পুরোনো বাজার। সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে অসুবিধা হওয়ায় পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা মীর জুমলা সড়কটি দখলমুক্ত করেন। প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে এখানে রাস্তা সংস্কার করা হয়। রাস্তার ওপর থেকে দোকান সরিয়ে নির্মাণ করা হয় তিনতলা মার্কেট। পাশের ইনস্টিটিউট সড়কে ভোরবেলা বাজার বসার অনুমতি দেওয়া হয়েছিল। গত জুলাই মাসে সিটি করপোরেশন ঘোষিত হওয়ার পর প্রশাসক মোমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট সড়কটি ইজারা দেন। ইনস্টিটিউট সড়কের বাইরে মীর জুমলা সড়কে বাজার বসায় মোমেন এন্টারপ্রাইজ। মীর জুমলা সড়কের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেন, প্রতিদিন ৫০০ টাকার বিনিময়ে তাঁরা পাঁচ হাত করে জায়গা পেয়েছেন। বাজার বসায় এ এলাকায় এখন আর গাড়িঘোড়া চলে না, মানুষের চলাচলের রাস্তাও সারাক্ষণ কাদা-ময়লায় পূর্ণ থাকে।নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নারায়ণগঞ্জে অবৈধ দখলের পাশাপাশি নাগরিকসেবার মান কমে এসেছে বলে অভিযোগ অনেকের। ভোগনগরে পুকুর আর মাঠের সংস্কারকাজ চলছিল, সেটি বন্ধ। জেলা প্রশাসনের সঙ্গে সিটি করপোরেশনের সমন্বয়হীনতার কারণে অসমাপ্ত রয়েছে মাঠ সংস্কারের কাজ। শহর আবর্জনায় ভরা, পাড়া-মহল্লার ভেতরে পয়োনিষ্কাশনের কাজ ঠিকমতো চলছে না। রাস্তাঘাটে ছোটখাটো মেরামতের কাজ বন্ধ।শহরের চাষাঢ়া এলাকার মুচি হরি দে প্রথম আলোকে বলেন, ‘১৫ বছর নারায়ণগঞ্জে কোনো ইলেকশন হয় নাই। আমরা কিছুই পাই নাই সেই সময়। এরপর মেয়র আইছে। রাস্তাঘাট হইছে। মানুষ বুচ্ছে মেয়র থাকলে লাভ আছে। তবে চোর-গুন্ডা হইলে লাভ নাই।’জামতলা এলাকার বাসিন্দা জাহানারা বেগম বলেন, ‘পাড়া-মহল্লার ভেতরের রাস্তায় ছোটখাটো গর্ত আছে। কিন্তু আমরা জানি না সমস্যার কথা কাকে বলব। মেয়রের সঙ্গে তো সবাই কথা বলতে পারত। তিনি রাস্তায় দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছেন। এখন অবশ্য কাউন্সিলর হতে চান—এমন লোকজন মাঝেমধ্যে নর্দমা পরিষ্কার করাচ্ছেন। তবে সেটা তো ভোটের আশায়।’নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবদুর রহমান জানান, ইনস্টিটিউট সড়ক ২০ বছর অবৈধ দখলে ছিল। সেখানে রাস্তা, নর্দমা, ফুটপাত নির্মাণ হয়েছে জনস্বার্থে। এখন করপোরেশন রাস্তাটি কার স্বার্থে ইজারা দিয়েছে, তা জানার অধিকার নাগরিকদের আছে। বিপুল অর্থ ব্যয় করে এ দুটি রাস্তা পুনর্নির্মাণ এবং রাস্তা-নর্দমা নির্মাণ করা হয়। এখন মীর জুমলা সড়কে অবৈধ বাজার বসিয়ে রাস্তাটি অচল করে রাখা হয়েছে।