রাস্তা না থাকায় সেতু কাজে আসছে না
‘২০-২৫ বছর থাকি চেষ্টা করি ব্রিজটা হইল। এলা রাস্তা নাই। রাস্তা না থাকিলে ব্রিজ হয়য়া কী লাভ হইল।’ কথাগুলো বললেন নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের ছোট সংগলশী গ্রামের মজির রহমান (৫০)। নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের শিমুলতলী থেকে বালাপাড়া যাওয়ার পথে সরমংলা নদীর ওপর সেতু হলেও এর দুদিকে মাটি না দেওয়ায় তা কোনো কাজে আসছে না। এতে ভোগান্তির শিকার হচ্ছে ছোট সংগলশী, বালাপাড়া, ডাঙ্গাপাড়াসহ কয়েক গ্রামের মানুষ।ছোট সংগলশী গ্রামের আনোয়ার হোসেন বলেন, সেতু করার পরও রাস্তা না থাকায় ওটার ওপর দিয়ে একটা ভ্যান-রিকশাও পার হতে পারে না। সেতুটা চলাচলের উপযোগী হলে গ্রামের উৎপাদিত কৃষিপণ্য ট্রাকে করে সহজে হাটবাজারে নেওয়া যেত।সূত্র মতে, এলাকাবাসীর দাবির মুখে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর ২০০৯-১০ অর্থবছরে প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে ৩৩ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণ করে। কিন্তু ওই সময় সংযোগ সড়কে মাটি ভরাট না করায় সেতুটি জনসাধারণের কোনো কাজে আসেনি।সংগলশী ইউপি চেয়ারম্যান টিকেন্দ্রজিৎ রায় বলেন, কাজ শেষে ঠিকাদারের যে পরিমাণ মাটি দেওয়ার কথা ছিল, তা দেয়নি। যেটুকু মাটি দিয়েছিল, সেটা বৃষ্টির পানিতে সরে গিয়ে এ অবস্থা হয়েছে। তবে এলাকাবাসীর কথা চিন্তা করে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের দিয়ে সেখানে মাটি ভরাট করা হবে।নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘সেখানে ঠিকাদারের কাজে সামান্য মাটি ধরা ছিল। সেটা ঠিকাদার দিয়েছে। এখন মাটি সরে গেলে স্থানীয় লোকজন দু-এক কোদাল নিজেরাই দিয়ে দিতে পারে।’ কিন্তু সেখানে সামান্য মাটিতে কাজ হবে না, এমন কথা বললে প্রকল্প কর্মকর্তা বলেন, এ রকম অবস্থার কথা আমার জানা ছিল না। এখন জানলাম। নিজে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।