রাস্তা বন্ধ করে নির্মিত হচ্ছে ৪৪টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারীতে নবাব স্ট্রিট ও হেয়ার স্ট্রিটকে সংযোগকারী একটি রাস্তা বন্ধ করে ৪৪টি দোকান নির্মাণ করা হচ্ছে। স্থানীয় ৪১ নম্বর ওয়ার্ড (সাবেক ৭৭) আওয়ামী লীগের সভাপতি দাবি করেছেন, তাঁকেসহ ৪৪ জনকে সেখানে অস্থায়ীভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দোকান বরাদ্দ দিয়েছে। তবে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো এই বরাদ্দ দেওয়ার বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে।রাস্তাটির একপাশে বলধা গার্ডেন, অন্যপাশে ৬/২ নবাব স্ট্রিট। রাস্তাটি দখল করে আগে তৈরি হয়েছিল বেশ কিছু বস্তিঘর। দুই বছর আগে সিটি করপোরেশন জনগণের সুবিধার্থে সেগুলো উচ্ছেদ করে। রাস্তাটির হেয়ার স্ট্রিট প্রান্তে রয়েছে ঢাকা ওয়াসার গভীর নলকূপ। রাস্তাটির নিচে পাইপলাইন।যোগাযোগ করা হলে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন দাবি করেন, রাস্তাটি অকেজো হয়ে পড়ে ছিল। বখাটেদের আড্ডা হতো। এখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৪৪ জনের নামে আলাদাভাবে অস্থায়ী ভিত্তিতে দোকান বরাদ্দ দিয়েছে। বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ওরফে আলো, ওয়ার্ড যুবলীগের সভাপতি মেজবাহউদ্দিন ওরফে পাভেল, সাধারণ সম্পাদক মো. জুয়েলসহ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্য নেতা-কর্মীরা আছেন। তিনি বলেন, ৪৪ জনের নামে বরাদ্দ দেওয়া হলেও সিটি করপোরেশনের লোকজন সাত-আটটি দোকান চাইছেন।আবুল হোসেন তাঁর বরাদ্দপত্র দেখাতে রাজি হলেও ফটোকপি দিতে অপারগতা জানান।গত বুধ ও বৃহস্পতিবার এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার অর্ধেকেরও বেশি অংশে এক সারিতে লম্বালম্বিভাবে বিপণিবিতান নির্মাণের কাজ অনেক দূর এগিয়েছে। ছাদ ঢালাই হয়ে গেছে। এর কয়েক দিন আগে রাত সাড়ে নয়টার দিকে দেখা যায়, ২০ জনের মতো শ্রমিক সেখানে কাজ করছেন। বলধা গার্ডেনের দেয়ালের একাংশ ভেঙে ফেলা হয়েছে। দোকানগুলোর সামনে হাঁটার জন্য ইট বসানো হয়েছে। রাস্তার দক্ষিণ প্রান্ত সবুজ রঙের টিন দিয়ে আটকানো। তবে উত্তর প্রান্তের সবুজ টিনের দরজাটি খোলা।নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদার মো. মাহবুব বলেন, সিটি করপোরেশন থেকে ইজারা নিয়ে বিপণিবিতান নির্মাণ করা হচ্ছে। তিনি স্বাক্ষরবিহীন একটি নকশা দেখিয়ে বলেন, তাঁকে এই নকশা অনুসারে নির্মাণ করতে বলা হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির নাম উল্লেখ করে তিনি বলেন, নির্মাণ শেষে বিল দিলে তাঁরা পরিশোধ করবেন।তবে, এখানে কী পণ্য বিক্রি হবে, তা নিয়েও সঠিক তথ্য পাওয়া যায়নি। একবার বলা হচ্ছে প্রসাধনসামগ্রী, আবার বলা হচ্ছে ঝিনুক-মুক্তা। কাঁচাবাজার হবে বলেও প্রচার করা হচ্ছে। এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলেন, চালু হলেই দেখা যাবে। বলধা গার্ডেনের দর্শনার্থীরা উপকৃত হয়, এমন পণ্যই বিক্রি হবে।এলাকাবাসী জানান, গত মাসের শেষের দিকে রাস্তার দুই প্রান্ত বন্ধ করে নির্মাণকাজ শুরুর পর কিছু লোক বাধা দেওয়ার চেষ্টা করেন। ওই এলাকার বাসিন্দা ও জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে স্থানীয় কয়েকজন যুবক নির্মাণকারীদের ধাওয়াও করেছিলেন। সৈয়দ মিজানুর রহমান জানান, পরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা তাঁদের দু-একটি দোকান দেওয়ার প্রলোভন দেখান।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, এখানে বিপণিবিতান হলে তা এলাকার পরিবেশের জন্য ক্ষতিকর হবে।সিটি করপোরেশনের কোনো বিভাগ জানে না!: তবে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো বলছে, এই বরাদ্দের বিষয়ে তারা কিছু জানে না। এ বিষয়ে জানতে চাইলে গত বৃহস্পতিবার দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা জামাল হোসেন বলেন, মাত্র এক মাস হলো তিনি এই বিভাগে এসেছেন। তাঁর সময়ে বলধা গার্ডেন এলাকায় দোকানপাটের কোনো বরাদ্দ হয়নি।সম্পত্তি বিভাগ থেকে সম্প্রতি রাজস্ব বিভাগের প্রধান হিসেবে বদলি হয়েছেন তাজুল ইসলাম। তাঁর বদলির কয়েক দিন আগে বিপণিবিতানের নির্মাণ শুরু হয়। বরাদ্দের বিষয়ে তিনিও কিছু জানেন না। তিনি বলেন, এগুলো অনেক সময় সংশ্ল্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে হয়। সেখানে খোঁজ নিতে হবে।খোঁজ নিতে গেলে ১ নম্বর অঞ্চলের প্রধান আঞ্চলিক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নির্মাণাধীন বিপণিবিতান তাঁর এলাকায় হলেও এ বিষয়ে তিনি অবগত নন। তিনি এ বিষয়ে প্রধান কার্যালয় নগর ভবনে খোঁজ নেওয়ার পরামর্শ দেন। সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের অধীন বাজার বিভাগও এ বিষয়ে কিছু জানে না।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম অস্থায়ী বরাদ্দে স্থায়ী কাঠামো নির্মাণ করা যায় না উল্লেখ করে প্রথম আলোকে বলেন, তাঁর সময়ে এ ধরনের কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তিনি বিস্তারিত খোঁজ নিয়ে অনিয়ম পেলে ব্যবস্থা নেবেন বলে জানান।