রাস্তা মেরামতে টাকা দিতে অর্থ মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তা মেরামতে প্রয়োজনীয় টাকা দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের যোগাযোগব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।প্রেসসচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী খারাপ অবস্থায় থাকা মহাসড়কগুলো ঈদের আগে মেরামতের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এসব সড়ক দ্রুত যান চলাচলের উপযোগী করতে হবে, যাতে ঈদে ঘরমুখো মানুষ দুর্ভোগে না পড়েন।আবুল কালাম আজাদ আরও বলেন, দেশের সব রুটে বিআরটিসির বাস এবং ২১ আগস্ট থেকে ঢাকা-রংপুর রেলপথে এক্সপ্রেস ট্রেন চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ওই ট্রেনে মালামাল পরিবহরের জন্য বিশেষ বগির ব্যবস্থা করতেও নির্দেশ দেওয়া হয়েছে।বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয়ে চলে দেড়টা পর্যন্ত। বৈঠকে জানানো হয়, মহাসড়কে বেশ কিছু সংস্কার করা হয়েছে। বাকিটাও সংস্কার করা হয়ে যাবে। বিগত আড়াই বছরে যতগুলো রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হয়েছে তা সন্তোষজনক বলে বৈঠকে জানানো হয়। বৈঠকে ঢাকা-ময়মনসিংহসহ মহাসড়কগুলোর বেহাল দশার জন্য বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ও বিগত তত্ত্বাবধায়ক সরকারের অবহেলা-উদাসীনতাকে দায়ী করা হয়েছে। বৈঠকে বলা হয়, ওই সময়ে এ সব মহাসড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।বৈঠকে প্রধানমন্ত্রী গত ৯-১০ বছরে কোন সরকারের আমলে যোগাযোগ খাতে কত টাকা খরচ হয়েছে তার বিস্তারিত তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন।বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব এম এ করিম, কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, অর্থসচিব মোহাম্মদ তারেক, যোগাযোগসচিব মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।