রাস্তা সংস্কারে যোগাযোগ মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অশুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সড়ক সংস্কারের অর্থ ছাড়ের বিষয়ে যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের অভিযোগ অস্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘মহাসড়কের ক্ষতিগ্রস্ত রাস্তা নিয়ে গোলমালের সময় প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে প্রথমবারের মতো যোগাযোগ মন্ত্রণালয় বরাদ্দকৃত টাকা খরচের একটি হিসাব অর্থ মন্ত্রণালয়ে দিয়েছে। সে হিসাবও ছিল অশুদ্ধ। তার পরও ৮০ শতাংশ ছাড় দিয়েছি। যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য ৫৮০ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে।’অর্থমন্ত্রী বলেন, আরও ১১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া বাকি রয়েছে। সেটি মন্ত্রণালয় চাইলেই দিয়ে দেওয়া হবে। অর্থমন্ত্রী বলেন, যোগাযোগ মন্ত্রণালয়কে অর্থ বরাদ্দ দেওয়া হয়নি এ কথা ঠিক নয়। অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটের পরই রাজস্ব খাতে বরাদ্দ দেওয়া হয়। যোগাযোগ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন ঠিক করবে, তাদের খাতওয়ারি হিসাব। এটা আমার দায়িত্ব নয়।’ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন আবদুল মতিন খসরু।কে এম খালিদের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৪৬ হাজার কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেওয়ার কথা সবই দেওয়া হয়েছে। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় ঠিক করে, কোন মন্ত্রণালয় কত টাকা পাবে। মন্ত্রণালয় খাতওয়ারি হিসাব দিয়ে থাকে। তিনি বলেন, ‘অর্থ মন্ত্রণালয় একসঙ্গে উন্নয়নকাজের টাকা দিয়ে দেয়। টাকা আসে দুইভাবে। একটি নিজস্ব ও অন্যটি বৈদেশিক সহায়তায়। এবার ৪৬ হাজার কোটি টাকা উন্নয়ন বাবদ একসঙ্গে ছাড় করা হয়েছে। কিন্তু টাকা খরচের কোনো হিসাব যোগাযোগ মন্ত্রণালয় কখনো অর্থ মন্ত্রণালয়ে দেয়নি। তাদের খরচের কোনো হিসাব আমি জানি না। সুতরাং একটি পয়সাও আমি দিতে পারব না।’ঈদের আগে গত ২৩ আগস্ট দেশের সড়ক-মহাসড়কের বেহাল দশায় দেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি হওয়ায় সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বেহাল দশার জন্য অর্থসংকটকে দায়ী করেন।জাসদের মইনুদ্দিন খান বাদলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সাংসদের স্থানীয়ভাবে উন্নয়নকাজের জন্য এলাকাপ্রতি ১৫ কোটি বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে সরকার থেকে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে।