রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে ক্ষুব্ধ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার দুই প্রকৌশলীকে শোকজ করেছেন। এঁরা হলেন: সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম এবং কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন।আজ দুপুরে কুমিল্লার গৌরীপুর ও চাঁদপুরের মতলব-পেন্নাই সড়কের বেহাল অবস্থা দেখে মন্ত্রী এ সিদ্ধান্ত নেন। ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে আগামী সাত দিনের মধ্যে বেহাল রাস্তা মেরামতের জন্য সড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সড়ক বিভাগের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, সারা দেশের মধ্যে চাঁদপুরের রাস্তাঘাট এতই খারাপ যে, আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেখে লজ্জা পাচ্ছি। তিনি বলেন, জনগণ কেন, আমিও জনগণের কাতারে থাকলে ধর্মঘট করতাম। আমি এ পর্যন্ত চাঁদপুরসহ ৫০টি জেলার রাস্তাঘাট পরিদর্শন করেছি। আমি জানি কী করতে হবে। আমাকেই করতে দিন। এই রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হবে।’ এর আগে দুপুরে মন্ত্রী চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার গৌরীপুরে দীর্ঘক্ষণ যানজটে আটকা পড়েন।